গাজীপুরে ছিন্নমূল মানুষের পাশে এমপি রনি,রোজায় গণইফতার আয়োজন – Daily Gazipur Online

গাজীপুরে ছিন্নমূল মানুষের পাশে এমপি রনি,রোজায় গণইফতার আয়োজন – Daily Gazipur Online

স্টাফ রিপোর্টার: গাজীপুরে অসহায়, দুস্থ ও ছিন্নমূল মানুষের জন্য মাহে রমজান উপলক্ষে গণইফতারের আয়োজন করেছেন গাজীপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য এম. মঞ্জুরুল করিম রনি। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিনে ভাওয়াল রাজবাড়ির মাঠে আয়োজিত এ গণইফতারে শতাধিক গরিব, ভাসমান ও শ্রমজীবী মানুষ অংশ নেন।
আয়োজক রনি জানান, শিল্পসমৃদ্ধ এই অঞ্চলে নানা শ্রেণি-পেশার মানুষের বসবাস থাকলেও একটি উল্লেখযোগ্য অংশ দারিদ্র্য ও অনিশ্চয়তার মধ্যে জীবনযাপন করছেন। তাদের কথা বিবেচনায় রেখেই এ মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়েছে।
সংসদ সদস্য রনি বলেন, গরিব ও দুঃখী মানুষ যেন রোজা রেখে সম্মানের সঙ্গে ইফতার করতে পারেন, সেই দায়বদ্ধতা থেকেই এই আয়োজন। এটি কেবল ইফতার নয়, বরং সমাজের প্রতি দায়িত্ব পালনের একটি প্রয়াস।
তিনি আরও জানান, রমজানজুড়ে গাজীপুরের বিভিন্ন ওয়ার্ড ও পাড়া-মহল্লায় পর্যায়ক্রমে এ গণইফতার কার্যক্রম অব্যাহত থাকবে। উল্লেখ্য, গত বছরও তিনি বিভিন্ন স্থানে অনুরূপ আয়োজন করে স্থানীয়দের প্রশংসা অর্জন করেছিলেন। এবার সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর বৃহত্তর পরিসরে কর্মসূচি হাতে নিয়েছেন।
ইফতারে অংশ নেওয়া কয়েকজন শ্রমজীবী মানুষ বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে নিয়মিত ইফতার জোগাড় করা অনেকের জন্য কঠিন হয়ে পড়েছে। এ ধরনের উদ্যোগ তাদের জন্য স্বস্তি ও সহমর্মিতার বার্তা বহন করে। স্থানীয় সচেতন মহলের মতে, শিল্পনগরীতে সামাজিক সহায়তা ও মানবিক কার্যক্রম জোরদার করা সময়ের দাবি; জনপ্রতিনিধির এমন উদ্যোগ সামাজিক সংহতি বৃদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করতে ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহানগর শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সব মিলিয়ে রমজানের প্রথম দিন ছিন্নমূল মানুষের সঙ্গে ইফতার করে নবনির্বাচিত এই সংসদ সদস্য মানবিক ও কল্যাণমুখী রাজনীতির একটি বার্তা দিয়েছেন বলে মনে করছেন স্থানীয়রা।

Print Friendly, PDF & Email

Explore More Districts