স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরের টঙ্গীর সাতাইশ এলাকায় এক ছিনতাইকারীকে ধরে গণধোলাইয়ের পর হাতের কবজি কেটে দিয়েছে বিক্ষুব্ধ জনতা। আটক ছিনতাইকারীর নাম মাইন উদ্দিন (৩২)। সে টঙ্গীর এরশাদনগরে বসবাস করে। এই ঘটনায় ছিনতাইয়ের শিকার গুরুতর আহত ব্যক্তিকে ঢাকায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্র জানায়,গত বুধবার রাতে আটক ছিনতাইকারীসহ তিন ছিনতাইকারী রাস্তায় দাঁড়িয়ে চলাচলকারী পথচারীদের আটকিয়ে টাকা পয়সা মোবাইল ফোন ছিনতাই করছিল। এসময় এক পথচারীকে ছুরিকাঘাতে রক্তাক্ত করে তার সর্বস্ব ছিনতাই করার সময় ভুক্তভোগী ছিনতাইকারীকে ঝাপটে ধরে। ডাক-চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে এসে এক ছিনতাইকারীকে হাতেনাতে ধরে ফেলে। বাকি দুই ছিনতাইকারী পালিয়ে যায়। পরে উত্তেজিত জনতা গণধোলাইয়ের পর ছিনতাইকারীর হাতের কবজি কেটে ফেলে। গুরুতর আহত ছিনতাইয়ের শিকার ভুক্তভোগীকে (নাম পরিচয় জানা যায়নি) আশঙ্কাজনক অবস্থায় ঢাকার হাসপাতালে পাঠানো হয়েছে। খবর পেয়ে পুলিশ এসে জনতার হাতে আটক ছিনতাইকারীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান নববাণীকে বলেন, জনতার হাতে আটক ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইন গত ব্যবস্থা নেওয়া হবে।



