
ঢাকা, ১৯ জানুয়ারি – প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস সোমবার (১৯ জানুয়ারি) ভিডিও বার্তায় দেশের নাগরিকদের গণভোটে “হ্যাঁ” ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আগামী নির্বাচনে অংশ নিয়ে দেশের ভবিষ্যত গড়ার জন্য আপনার ভোট গুরুত্বপূর্ণ।
ড. ইউনূস উল্লেখ করেন, জুলাই গণঅভ্যুত্থান জাতির ইতিহাসে এক অসাধারণ অর্জন, যা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সুযোগ এনেছে। এই অর্জনের ভিত্তিতে জুলাই সনদ প্রণয়ন করা হয়েছে, যা বাস্তবায়নের জন্য জনগনের সম্মতি প্রয়োজন। তাই আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠিত হবে।
তিনি বলেন, গণভোটে “হ্যাঁ” ভোট দিলে বাংলাদেশ বৈষম্য, শোষণ ও নিপীড়ন থেকে মুক্ত হবে। এই সনদ অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকার ও নির্বাচন কমিশন গঠনে সরকার ও বিরোধী দল একসঙ্গে কাজ করবে, গুরুত্বপূর্ণ সংবিধান পরিবর্তনের জন্য জনগনের সম্মতি নেওয়া হবে, সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানো হবে এবং বিচারব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে।
ড. ইউনূস আরও বলেন, রাষ্ট্রভাষা বাংলার পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর ভাষা সাংবিধানিক স্বীকৃতি পাবে, দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছেমতো ক্ষমা করতে পারবেন না এবং সব ক্ষমতা একজন প্রধানমন্ত্রীর হাতে থাকবে না।
তিনি সব নাগরিককে আহ্বান জানান, গণভোটে অংশ নিন, “হ্যাঁ”তে সিল দিন এবং পরিচিতদেরও ভোট কেন্দ্রে নিয়ে আসার জন্য উদ্বুদ্ধ করুন। তিনি বলেন, “নতুন বাংলাদেশ গড়ার চাবি আপনার হাতে, ‘হ্যাঁ’-তে সিল দিলে নতুন বাংলাদেশ গড়ার দরজা খুলে যাবে।”
এনএন/ ১৯ জানুয়ারি ২০২৬



