বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম বলেছেন, গণতান্ত্রিক সরকারের পতন ঘটানো সহজ নয়। দেশকে অগণতান্ত্রিক ও বিভিন্ন অপশক্তির হাত থেকে রক্ষায় সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার বিকেলে যশোর সদর উপজেলার লেবুতলা বাজারে ‘পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ প্রতিবাদে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সদর উপজেলা বিএনপি এ সমাবেশের আয়োজন করে।
নার্গিস বেগম বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে স্থিতিশীলতা ও গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখার জন্য সরকার কাজ করছে। দেশবিরোধী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে দেশে গ্যাস ও বিদ্যুৎ সংকটসহ বিভিন্ন সমস্যা তৈরি হয়েছিল বলে দাবি করেন তিনি। তার ভাষ্য, এসব সংকটের প্রভাব বর্তমান সরকারকে মোকাবিলা করতে হচ্ছে। সংকট কাটিয়ে স্থিতিশীলতা বজায় রাখতে প্রধানমন্ত্রী তারেক রহমান কাজ করছেন বলেও তিনি দাবি করেন।
তিনি আরও বলেন, সরকার দেশে গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে বিভিন্ন উদ্যোগ নিচ্ছে। কেউ এতে বাধা সৃষ্টি করলে তা মোকাবিলা করা হবে। দেশের নিরাপত্তা, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান জনকল্যাণমূলক বিভিন্ন নীতি ও কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইমাম-মুয়াজ্জিনসহ ধর্মীয় ব্যক্তিদের সম্মানী ভাতা, খাল খনন এবং কৃষিঋণ মওকুফসহ বিভিন্ন কর্মসূচির সুফল জনগণ পেতে শুরু করেছে বলে তিনি দাবি করেন। এসব কর্মসূচি বাস্তবায়নের জন্য সরকারকে সময় দেওয়ার আহ্বান জানান তিনি।
নার্গিস বেগম বলেন, নির্বাচনের আগে যারা জনগণকে বিভিন্ন প্রতিশ্রুতি ও প্রলোভন দেখিয়েছিল, নির্বাচনের পর তাদের অনেককেই জনগণের পাশে পাওয়া যাচ্ছে না। অতীতেও তারা জনগণের পাশে ছিল না বলে মন্তব্য করেন তিনি।
সমাবেশে সভাপতিত্ব করেন লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা মনোয়ারুল ইসলাম হ্যাপি।
বক্তব্য দেন যশোর জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, সদর উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি অধ্যাপক আব্দার হোসেন খান, সাধারণ সম্পাদক আঞ্জুরুল হক খোকন, জেলা ছাত্রদলের আহ্বায়ক কামরুজ্জামান বাপ্পি, লেবুতলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দেলু, যুবদল নেতা নান্নু মিয়া ও ছাত্রদল নেতা সাইদুর রহমান।
সমাবেশ পরিচালনা করেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ।



