খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয় এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আর এই দুর্নীতির নেপথ্য কারিগর হিসেবে ওই অফিসের হিসাব রক্ষক মিলন আলীর নাম উঠে এসেছে । তিনি খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে বদলি সুপারিশ করে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছেন । আরসি ফুডের নামে বিভাগের দশ জেলার খাদ্য গুদাম ইনচার্জদের কাছ থেকে মাসিক মাসোহারা আদায়সহ তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই।
একাধিক নির্ভরযোগ্য সূত্র ও ভুক্তভোগীদের অভিযোগে জানা গেছে, খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে প্রায় দেড় বছর ধরে হিসাব রক্ষকের দায়িত্ব পালন করছেন মিলন আলী। এই সুযোগকে কাজে লাগিয়ে তিনি আঞ্চলিক খাদ্য কর্মকর্তার নাম ভাঙিয়ে মাসে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন । সম্প্রতি খুলনা বিভাগের ১৬ টি এলএসডিতে একযোগে বদলির সুপারিশ করে প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন।
আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অফিস সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, সম্প্রতি কলারোয়া এলএসডি মোঃ নুরে আলম সিদ্দিকী, কালিয়া এলএসডি দেবদুত রায়, চৌগাছা এলএসডি বায়েজীদ, নড়াইল সদর এলএসডি লিটন কুমার বিশ্বাস, ফুলতলা এলএসডি মাসুদুর রেজা, দৌলতপুর এলএসডি মহি মিনুল, কুমারখালী এলএসডি সুব্রত কুমার, হালসা এলএসডি ফারজানা ইয়াসমিন ,শৈলকুপা এলএসডি মোঃ মতিয়ার রহমান বিশ্বাস, মহেশপুর এলএসডি উত্তম কুমার ভক্ত, চিতলমারী এলএসডি অভিজিৎ শিকদার, ফকিরহাট এলএসডি নিরুপমা দাস, মিরপুর এলএসডি মহব্বতুননেছা, শ্রীপুর এলএসডি লুৎফুন নাহার, আলাইপুর এলএসডি নাহিদ ইসলাম ও গাংনী এলএসডিতে রেবেনা সুলতানাকে ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে ।
অভিযোগ রয়েছে, মিলন আলী এই ১৬ জনের প্রত্যেকের কাছ থেকে বদলির সুপারিশের নামে এক থেকে দেড় লাখ টাকা ঘুষ আদায় করেছেন । বদলির সংক্রান্ত মিলন আলীর আর্থিক লেনদেনের একটি ভিডিও ফুটেজ সংশ্লিষ্ট প্রতিবেদকের হাতে এসেছে । ওই ভিডিও ফুটেজে মিলন আলীকে অফিসের অভ্যন্তরেই এক হাজার টাকার একটি বান্ডিল গ্রহণ করতে দেখা যাচ্ছে । শুধুমাত্র খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা নয়, পিয়ন ও দারোয়ান বদলিতেও তাকে টাকা দিতে হয় বলে অভিযোগ রয়েছে ।
মিলন আলীর বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ, বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে যারা প্রভাবশালী স্থানে থেকে নানা সুবিধা নিয়েছেন, আরসি ফুডকে সুপারিশ করে অর্থের বিনিময়ে তাদেরকেই পুরস্কৃত করেছেন। দেয়া হয়েছে, সুবিধাজনক গুদামে পোস্টিং । বিশেষ একটি সম্প্রদায়কে টার্গেট করে মোটা অঙ্কের টাকার বিনিময়ে পছন্দের গুদামে বদলির সুপারিশ করে দেওয়ার অভিযোগও উঠেছে তার বিরুদ্ধে।
ইতিপূর্বে ওই সম্প্রদায়ের ফুড ইন্সপেক্টরেরা
গুদামের মত গুরুত্বপূর্ণ জায়গায় পোস্টিং নিয়ে রাতারাতির গুদামের সব মাল বিক্রি করে ভারতে পাড়ি জমিয়েছেন । ২০১৩ বাগেরহাটের মোল্লারহাট খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মিলন মণ্ডল গুদামের সব মালামাল গোপনে বিক্রি করে ভারতে চলে যান । এতে সরকারের কয়েক কোটি টাকার ক্ষতি হয় ।
দেশের বেশ কয়েকটি খাদ্য গুদামের ওই বিশেষ সম্প্রদায়ের ইন্সপেক্টরদের গুদাম ইনচার্জের দায়িত্ব দেওয়ায় লুটপাট করে পালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে। অথচ দেশের এই সংকটময় মুহূর্তে ওই সম্প্রদায়ের লোকদের ৬/৭টি গুদামে পোস্টিং দেয়ায় খাদ্যশস্য নিরাপত্তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। যোগ্যতা সম্পন্ন একাধিক খাদ্য পরিদর্শক থাকার সত্বেও অর্থের বিনিময়ে অযোগ্যদের দেওয়া হয়েছে। এতে পোস্টিং বঞ্চিত ফুড ইন্সপেক্টরদের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। তারা বলছে, আরসি ফুডের নাম ব্যবহার করে মিলন আলীর মাসোহারা আদায় ও পোস্টিং বাণিজ্য বন্ধ না হলে খুলনা বিভাগের খাদ্য ব্যবস্থাপনা ভেঙে পড়বে।
সূত্র বলছে, প্রতিমাসে খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক দপ্তরে মাসিক সমন্বয় মিটিং এর দিন মিলন আলী ওসিএলএসডিদের ব্যক্তিগতভাবে ডেকে নিয়ে সর্বনিম্ন ১০ হাজার থেকে ১৫ হাজার টাকা দিতে বাধ্য করেন। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তারা যার সত্যতা স্বীকার করেছেন।
একাধিক সূত্র দাবি করেছে, মিলন আলীর অতীত কর্মজীবনও বিতর্কে ভরা। তিনি ২০১৬ থেকে ২০২২ সাল পর্যন্ত কুষ্টিয়া জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তরে কর্মরত ছিলেন। সেখানে থাকাকালীন অভ্যন্তরীণ ঠিকাদার নিয়োগের কথা বলে কুষ্টিয়ার এক ঠিকাদারের কাছ থেকে ঠিকাদারী পাইয়ে দেওয়ার কথা বলে ১০ লাখ টাকা নেন। ঠিকাদার নিয়োগ দিতে ব্যর্থ হওয়ায় ২০২২ সালে তাকে সেখান থেকে শাস্তিমূলক বদলি করা হয় বলে বিশ্বস্ত সূত্রে জানা যায়। এছাড়া ২০২১সালে কুষ্টিয়ায় হ্যান্ডলিং ঠিকাদারের মেয়াদ বাড়িয়ে দেওয়ার কথা বলে বিপুল অর্থ আত্মসাৎের অভিযোগও রয়েছে। তখন ঠিকাদারেরা ক্ষুব্ধ হয়ে
খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক বরাবর মিলন আলীর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন।
মিলন আলী স্বল্প বেতনভোগী একজন হিসাব রক্ষক হয়েও বিলাসবহুল জীবনযাপন করেন। খুলনা আঞ্চলিক অফিসে বসে মাসে লাখ লাখ টাকা অবৈধভাবে আয়ের মাধ্যমে তিনি বিপুল সম্পদের মালিক হয়েছেন বলে অভিযোগ করছেন ভুক্তভোগীরা। পোস্ট অফিস ও ব্যাংকে তার প্রায় কোটি টাকা ডিপোজিট করা আছে। খুলনা সোনাডাঙ্গা হাফিজ নগরে বাড়ি ক্রয় করে বসবাস করেন। যার মূল্য প্রায় কোটি টাকা।
এছাড়া নামে বেনামে রয়েছে তার কোটি কোটি টাকার সম্পত্তি ।
মিলন আলীর অবৈধ উপায়ে অর্জিত সম্পত্তির তদন্ত এবং আয়-ব্যয়ের হিসাব খতিয়ে দেখতে দুর্নীতি দমন কমিশন ও খাদ্য অধিদপ্তরের মহাপরিচালকের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন ভুক্তভোগী ও সচেতন মহল।
এ ব্যাপারে কথা বলার জন্য খুলনা আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক অফিসের হিসাব রক্ষক মিলন আলীর মুঠোফোনে একাধিক বার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।



