খুদে ভক্তের আবদারে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে সই করলেন স্কালোনি – DesheBideshe

খুদে ভক্তের আবদারে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে সই করলেন স্কালোনি – DesheBideshe



খুদে ভক্তের আবদারে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত চুক্তিতে সই করলেন স্কালোনি – DesheBideshe

বুয়েনোস আইরেস, ২৬ জুলাই – আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো কোচ লিওনেল স্কালোনি বর্তমানে নিজ শহর সান্তা ফে প্রদেশের পুজাতোতে অবকাশ যাপন করছেন। সেখানে প্রিয় কোচকে এক নজর দেখতে প্রতিদিন ভিড় করছেন হাজার হাজার সমর্থক।

এরই মধ্যে একটি আবেগঘন মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সাড়া ফেলেছে। ফ্রাঙ্কো ওটাভিয়ানি নামের এক খুদে ভক্ত নিজের হাতে তৈরি করা একটি প্রতীকী চুক্তিপত্র নিয়ে স্কালোনির কাছে হাজির হয়। সেই কাগজে বড় অক্ষরে লেখা ছিল ২০৩০ বিশ্বকাপের জন্য চুক্তি। শিশুটির এই সরল ও হৃদয়স্পর্শী আবদার ফিরিয়ে দেননি স্কালোনি। তিনি হাসিমুখে সেই কাগজে নিজের স্বাক্ষর করেন। এই ঘটনাটি আর্জেন্টাইন সমর্থকদের মধ্যে প্রিয় কোচকে ধরে রাখার নতুন আকাঙ্ক্ষা তৈরি করেছে।

পরবর্তীতে সেই শিশুটি আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়াকে উদ্দেশ্য করে একটি ভিডিও বার্তাও পাঠায়। সেখানে তাকে বলতে শোনা যায় যে তার পক্ষ থেকে স্কালোনির স্বাক্ষর নেওয়া হয়েছে এবং এখন বাকি আনুষ্ঠানিক দায়িত্ব সভাপতির।

বর্তমানে স্কালোনির ভবিষ্যৎ নিয়ে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে। নিজের চুক্তি থাকা সত্ত্বেও তিনি আগামী ডিসেম্বর পর্যন্ত থাকার কথা জানিয়েছেন। এমন সময়ে খুদে ভক্তের এই উদ্যোগ ফুটবল অনুরাগী মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এনএন/ ২৬ জুলাই ২০২৬



Explore More Districts