ডেস্ক নিউজ :: সাতক্ষীরা সদর উপজেলার খানপুর (পশ্চিমপাড়া) এলাকায় জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে প্রতিপক্ষের বিরুদ্ধে ঘরে ঢুকে হামলা, মারধর, ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার লুটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন। ভুক্তভোগী শামছুন নাহার (৬০) সাতক্ষীরা থানায় লিখিত অভিযোগ করেছেন। তিনি খানপুর (পশ্চিমপাড়া) এলাকার শহিদুল ইসলামের স্ত্রী।
অভিযোগে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে জমিজমা নিয়ে একই এলাকার নুরুজ্জামান (৫০), ওহিদুজ্জামান (৩০), কামরুজ্জামান (৪৭), ফাহিম হোসেন (১৯) ও আল মামুন হোসেনের (২৬) সঙ্গে তাদের বিরোধ চলছিল। এর জেরে গত ১১ মার্চ রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে অভিযুক্তরা লোহার শাবল, রামদা, কুড়াল ও হাতুড়ি নিয়ে দলবদ্ধভাবে তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর শুরু করে।
এ সময় বাধা দিতে গেলে শামছুন নাহারের নাতি ইয়াছিনকে (১৮) মারধর করা হয়। অভিযোগ অনুযায়ী, নুরুজ্জামান শাবল দিয়ে তার ডান চোখের পাশে আঘাত করে গুরুতর জখম করেন। পরে তাকে রক্ষা করতে গেলে শামছুন নাহারের মেয়ে লতিফা পারভীনকেও (৪০) হাতুড়ি দিয়ে মারধর করা হয়। এছাড়া ছেলে হাবিবুল্লাহকে (৩৫) মারধর করে চোয়ালে আঘাত করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, হামলার সময় অভিযুক্তরা ঘরে ঢুকে ড্রয়ারে রাখা নগদ ১ লাখ ২০ হাজার টাকা, জমির দলিল ও প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যায়। এছাড়া প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার এক জোড়া সোনার চুড়ি, ১ লাখ ২৫ হাজার টাকার একটি সোনার চেইন ও ৮৫ হাজার টাকার এক জোড়া সোনার কানের দুল নিয়ে যায় বলে দাবি করা হয়েছে। হামলাকারীরা বাড়ির বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে প্রায় ৩০ হাজার টাকার ক্ষতি করে। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার সাক্ষী হিসেবে স্থানীয় ময়না খাতুন ও সাইফুল্লাহসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে ভুক্তভোগী শামছুন নাহার বলেন, জমিজমা নিয়ে বিরোধের জেরে তারা আমাদের ওপর হামলা চালিয়েছে। আমরা এর সঠিক বিচার চাই। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Share this news as a Photo Card
Generating high-quality image, please wait…


