সিলেটের কোম্পানীগঞ্জে কৃষক তার নিজ জমিতে কৃষির জন্য পানি সংরক্ষণ করায় চাঁদা দাবি করেছেন স্থানীয় এক আওয়ামী লীগ নেতা। এমন অভিযোগ উঠেছে উপজেলার ইছাকলস ইউনিয়ন আওয়ামীলীগ নেতা ও নিজগাঁও গ্রামের মৃত আব্দুল আহাদের ছেলে নজরুল ইসলামের (৪০) বিরুদ্ধে।
চাঁদার টাকা না দিলে মিথ্যা মামলা ও খুন-জখমের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ ভুক্তভোগী পরিবারের। এ ঘটনায় ভুক্তভোগী উপজেলার নিজগাঁও পূর্বপাড়া (মাটিভূই টিল্লা) গ্রামের মো. শাহীন মিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ ও স্থানীয় কৃষকদের কাছ থেকে জানা গেছে, নজরুল ইসলাম নিজগাঁও মাটিভূই এলাকায় বিল ইজারা নিয়েছেন। এজন্য বিলের পাশের সকল কৃষি জমিতে বিল থেকে পানি সেচের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি। কৃষকরা কৃষির পানি সংকট মেটাতে দূরের নদী থেকে পাইপ দিয়ে পানি সেচ দেয়। সেচের পানি জমা রাখতে বিলের পাশে রেকর্ডীয় নিজ জমিতে বাঁধ দিয়ে একটি গর্ত করেন কৃষক শাহীন মিয়া।
এতে ক্ষিপ্ত হয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম ও তার ছেলে ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আনাস মাহমুদের নেতৃত্বে দেশীয় অস্ত্রে সজ্জিত ১৫ জনের একটি দল শাহীন মিয়ার জমিতে আসে। এসময় নজরুল ইসলাম বিভিন্ন হুমকি ও পানি সংরক্ষণের জন্য এক লাখ টাকা চাঁদা দাবি করেন। একপর্যায়ে শাহীন মিয়ার উপর তারা হামলা করতে গেলে তিনি দৌড়ে বাড়িতে চলে যান।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন, নজরুল ইসলাম বিলের মধ্যে কাউকে গোছল করতে দেন না। এমনকি শিশু-কিশোররা গোছল করলে তাদেরকে গালিগালাজ ও মারধর করেন।
চাঁদা দাবির অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ নেতা নজরুল ইসলাম বলেন, আমার বিরুদ্ধে আনিত সকল অভিযোগ মিথ্যা। তারা আমার ইজারাকৃত বিলের মধ্যে বাঁধ দিয়েছে। মাছ লুট করেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিন মিয়া বলেন, এবিষয়ে তদন্ত চলমান।


