
তেহরান, ৭ জুলাই – ইরানের রাজধানী তেহরানের পর এবার ধর্মীয় নগরী কোমে লাখো মানুষের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে দেশটির প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি ও তাঁর পরিবারের সদস্যদের জানাজার নামাজ। মঙ্গলবার সকালে পবিত্র জামকারান মসজিদে অনুষ্ঠিত এই জানাজায় ইমামতি করেন বিশিষ্ট ধর্মীয় পণ্ডিত আয়াতুল্লাহ আবদুল্লাহ জাওয়াদি আমোলি।
এসময় সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায় এবং অনেককেই শোকবিহ্বল হয়ে বিলাপ করতে দেখা যায়। ঐতিহাসিক এই জানাজার নামাজে অংশ নিতে সোমবার বিকেল থেকেই ইরানের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ শোকাতুর মানুষ কোমে সমবেত হতে শুরু করেন।
ভোর হওয়ার আগেই জামকারান মসজিদের ভেতরের প্রাঙ্গণ ও চারপাশের রাস্তাঘাট জনসমুদ্রে পরিণত হয়। শোকগ্রস্ত জনতা পায়ে হেঁটে ও বিভিন্ন যানবাহনে চড়ে লাল ব্যানার ও ইরানের জাতীয় পতাকা হাতে নিয়ে সেখানে সমবেত হন। জানাজায় সাধারণ মানুষের পাশাপাশি ইরানের শীর্ষস্থানীয় ধর্মীয় স্কলার, সরকারি কর্মকর্তা ও উচ্চপদস্থ সামরিক কমান্ডাররা উপস্থিত ছিলেন।
জানাজা শেষে মরদেহ বহনকারী শোকযাত্রাটি জামকারান মসজিদ থেকে হজরত ফাতিমা মাসুমাহর পবিত্র মাজারের উদ্দেশ্যে রওনা হয়। এর আগে গত শুক্রবার থেকে তেহরানের মোসাল্লায় সর্বস্তরের জনগণের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে রাষ্ট্রীয় শোকানুষ্ঠান শুরু হয়।
সোমবার তেহরানের রাস্তায় লাখ লাখ মানুষের উপস্থিতিতে এক বিশাল শোকযাত্রা আজাদি স্কয়ারের দিকে এগিয়ে যায়। উল্লেখ্য যে গত ২৮ ফেব্রুয়ারি সামরিক আগ্রাসনের এক হামলায় আয়াতুল্লাহ খামেনি ও তাঁর পরিবারের বেশ কয়েকজন সদস্য নিহত হন।
তাঁর মৃত্যুর পর ইরানের বিশেষজ্ঞ পরিষদ আয়াতুল্লাহ মোজতবা হোসাইনি খামেনিকে দেশটির নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নিযুক্ত করেছে। নির্ধারিত কর্মসূচি অনুযায়ী বুধবার ইরাকে শোকানুষ্ঠান ও শ্রদ্ধা নিবেদন পর্ব চলবে। এরপর বৃহস্পতিবার উত্তর পূর্ব ইরানের মাশহাদ শহরে ইমাম রেজা (আ.)-এর পবিত্র মাজারে আয়াতুল্লাহ খামেনির শেষ ইচ্ছা অনুযায়ী তাঁর দাফন কার্য সম্পন্ন হবে।
এস এম/ ৭ জুলাই ২০২৬




