যশোরের কেশবপুরে ভেজাল শিশুখাদ্য বিক্রি ও মজুতের অভিযোগে ইত্যাদি স্টোরকে ২ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে কেশবপুর শহরের গমপট্টি এলাকায় ইত্যাদি স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রতিষ্ঠানটির মালিক স্বপন কুমার দাসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, যশোর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান খান। এ সময় পুলিশ প্রশাসনের সদস্য, সংশ্লিষ্ট কর্মকর্তা ও স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অভিযান সংশ্লিষ্টরা জানান, শিশুখাদ্যের মান ও নিরাপত্তা নিয়ে অভিযোগের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালানো হয়। অভিযানে অনিয়মের অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটির মালিককে অর্থদণ্ড দেওয়া হয়।
শিশুদের খাদ্যপণ্যের মান ও নিরাপত্তা নিয়ে এমন অভিযানকে জনস্বার্থে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা। ভবিষ্যতেও বাজারে ভেজাল ও অননুমোদিত খাদ্যপণ্য বিক্রি বন্ধে নিয়মিত তদারকি ও অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন তারা।

