কুমিল্লায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জেলার ১১টি সংসদীয় আসনের প্রতিটি ভোট কেন্দ্রে পৌঁছানো হয়েছে ভোট ও গণভোটের প্রয়োজনীয় সরঞ্জাম। বুধবার সকাল থেকে জেলার ১৭টি উপজেলার উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ১৪শ ৯১টি ভোট কেন্দ্রে এসব ভোটের সামগ্রী কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হয়।
নির্বাচনী সরঞ্জামের মধ্যে রয়েছে- ব্যালট বাক্স, সিল, কালি, স্বচ্ছ ব্যালট বাক্সের লক, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, হেসিয়ান বড় ও ছোট ব্যাগ, গানি ব্যাগসহ অন্যান্য অপরিহার্য উপকরণ। নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী এসব সরঞ্জাম নিরাপদ ও সুশৃঙ্খলভাবে সংরক্ষণ ও বিতরণের ব্যবস্থা নেওয়া হয়েছে।
এর আগে সিনিয়র নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে প্রথম ধাপে ব্যালট পেপার ব্যতীত সকল সরঞ্জাম সংশ্লিষ্ট উপজেলা সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে বিতরণ করা হয়।
এদিকে ১২ ফেব্রুয়ারী সকাল থেকে অনুষ্ঠেয় ভোটের সব রকম প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে বলে জানান জেলা রিটার্ণিং অফিসার ও কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান। তিনি জানান, ত্রয়োদশ সংসদ নির্বাচনে কুমিল্লার ১১টি আসনে সর্বমোট ২৬ হাজার ৩৩৪ জন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য দায়িত্ব পালন করবেন। এর মধ্যে রয়েছে ৩ হাজার ৯৭৯ জন পুলিশ জন ছাড়াও ২ হাজার ৪০ সেনাবাহিনীর সদস্য, ৪০০ জন বিজিবি ও ১৯ হাজার ৩৮৩ জন আনসার-ভিডিপি সদস্য।
১১টি সংসদীয় আসনে ভোটের দিনের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা হিসেবে, ৭৩ জন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, ২৫ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ৫৫ প্লাটুন সেনাবাহিনী, বিজিবি ৩৯ প্লাটুন, র্যাবের ২৪টি মোবাইল টিমসহ শুধুমাত্র ভোটকেন্দ্রের জন্য ৩ হাজার ৯৭৯ জন পুলিশ ও বিপুল পরিমাণ আনসার-ভিডিপি বাহিনী কাজ করবে এছাড়া বলে জানান জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মু. রেজা হাসান।
প্রতিবেদক: জাহাঙ্গীর আলম ইমরুল, কুমিল্লা : ১১ ফেব্রুয়ারী ২০২৬

