
রাজবাড়ী বার্তা ডট কম : কালুখালী উপজেলা ছাত্রদলের সহ-সভাপতি মো. আসাদুজ্জামান রুবেলকে সংগঠনের সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে। তার বিরুদ্ধে দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার সিদ্ধান্ত অনুযায়ী এ বহিষ্কারাদেশ প্রদান করা হয়। সোমবার (২ ফেব্রুয়ারী) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে মো. আসাদুজ্জামান রুবেলের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এই সিদ্ধান্ত অনুমোদন করেন জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার আহ্বায়ক মো. আরিফুল ইসলাম রোমান ও সদস্য সচিব মো. শাহীনুর রহমান (শাহীন)।
এছাড়াও বিজ্ঞপ্তিতে জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতার সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজবাড়ী জেলা শাখার পক্ষ থেকে জানানো হয়, সংগঠনের শৃঙ্খলা রক্ষা ও দলীয় আদর্শ বজায় রাখতে এ ধরনের ব্যবস্থা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


