রাঙামাটির কাপ্তাই উপজেলায় কাঠ বোঝাই একটি জীপগাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী সিএনজির ওপর আচড়ে পড়েছে। এতে সিএনজিতে থাকা চালক যাত্রীসহ ৬ জন আহত হয়েছে।
শনিবার (১৭ জানুয়ারি) বিকাল ৫ টার দিকে উপজেলার ১নং চন্দ্রঘোনা ইউপি এলাকাধীন সাতমোড়ের টেক নামক স্থানে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আহতরা হলেন সিএনজি চালক শাহাবুদ্দিন (৩৭), গাড়িতে থাকা যাত্রী মংচিং মারমা (৫০), মইনুল ইসলাম (৪০), ঝুমা (১৯), পূর্ণিমা মারমা (২০) ও নাসির উদ্দীন (৩৭)।
এদিকে আহতদের উদ্ধার করে কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং ৪ জন গুরুতর জখম হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেলে রেফার করা হয়।
এ বিষয়ে কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ মাসুদ জানান, আহত সবাইকে হাসপাতালে আনার পর প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। তবে ৪ জনের অবস্থা খারাপ হওয়াতে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
এ বিষয়ে কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ গাড়িগুলো জব্দ করেছে। এই ঘটনায় কাঠ বোঝাই জীপ গাড়ির চালক পলাতক রয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



