
তেহরান, ২১ জুন – যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রাথমিক সমঝোতার অংশ হিসেবে কাতারে আটকে থাকা ইরানের প্রায় ৬ বিলিয়ন ডলার জব্দকৃত অর্থ ফেরত পাওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান,
সমঝোতা স্মারকের সকল শর্তই ইরানের অনুকূলে রয়েছে।এই কূটনৈতিক প্রক্রিয়ার ইতিবাচক ফলাফল খুব দ্রুত সবার সামনে স্পষ্ট হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রেসিডেন্ট পেজেশকিয়ান উল্লেখ করেন যে,
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পূর্বে যেসব বিষয়কে নিষিদ্ধ হিসেবে অভিহিত করেছিলেন, সাম্প্রতিক বক্তব্যে তিনি সেগুলোকেই জনগণের অধিকার হিসেবে স্বীকৃতি দিয়েছেন।
কাতার থেকে দ্রুতই এই বিপুল পরিমাণ অর্থ ফেরত আসার বিষয়ে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সুইজারল্যান্ডে চলমান আলোচনার বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ইঙ্গিত করে তিনি বলেন, এই সমঝোতার ফলে নেতানিয়াহু সবথেকে বেশি অসন্তুষ্ট হবেন।
পারমাণবিক কর্মসূচি প্রসঙ্গে পেজেশকিয়ান জানান,
যুক্তরাষ্ট্রের প্রধান দাবি হলো ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি না করে। তিনি স্মরণ করিয়ে দেন যে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিও বারবার পারমাণবিক অস্ত্র তৈরির বিপক্ষে অবস্থান নিয়েছেন। সাক্ষাৎকারে প্রেসিডেন্ট আরও বলেন, যুক্তরাষ্ট্র যখন এই বিষয়টি লিখিতভাবে স্বাক্ষরের প্রস্তাব দিয়েছে, ইরান তাতে স্বাক্ষর করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, মাসুদ পেজেশকিয়ানের এই বক্তব্য ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দীর্ঘদিনের অস্থিরতা নিরসনে এবং সম্ভাব্য নতুন কোনো কূটনৈতিক অগ্রগতির ইঙ্গিত দিচ্ছে। তবে চূড়ান্ত চুক্তির বাস্তবায়ন কোন পথে এগোয় তা এখনও দেখার বিষয়।
এস এম/ ২১ জুন ২০২৬




