কলাপাড়ায় পূজা উদযাপন পরিষদের কমিটি নিয়ে বিতর্ক, আহ্বায়কসহ একাধিক সদস্যের পদত্যাগ

১১ August ২০২৬ Tuesday ৯:০৪:৪৫ PM

Print this E-mail this


কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়ায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নবগঠিত উপজেলা আহবায়ক কমিটি নিয়ে শুরুতেই বিতর্ক দেখা দিয়েছে। ৪৩ সদস্যের কমিটি ঘোষণার পর আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ একাধিক সদস্য অব্যাহতি নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (১০ আগস্ট) পৃথক পৃথক প্রেস নোটের মাধ্যমে অব্যাহতির বিষয়টি গণমাধ্যমকর্মীদের নিশ্চিত করেন সংশ্লিষ্টরা।

নবগঠিত কমিটির আহ্বায়ক পদ থেকে অব্যাহতি নিয়েছেন প্রধান শিক্ষক অবনী কুমার রায়। একই কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মনিলাল পালও অব্যাহতি নিয়েছেন। প্রেস নোটে তিনি দাবি করেন, তাকে অবগত না করেই কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে। তিনি কলাপাড়া পূজা উদযাপন ফ্রন্টের সহসভাপতির দায়িত্ব পালনের কথা জানান।

মনিলাল পাল অভিযোগ করেন, নবগঠিত কমিটির একাধিক সদস্য তাদের নাম কমিটিতে অন্তর্ভুক্তির বিষয়ে আগে থেকে অবগত ছিলেন না। তার দাবি, ধর্মীয় সম্প্রীতি ও হিন্দু সম্প্রদায়ের অনুভূতিকে বিব্রত করার মতো কোনো বিতর্ক সৃষ্টি না করে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকার আহ্বান জানান।

তিনি নবগঠিত কমিটিকে ‘পকেট কমিটি’ আখ্যা দিয়ে এর সদস্যদের একযোগে অব্যাহতি নেওয়ার আহ্বান জানান। একই সঙ্গে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কার্যক্রম নিয়ে প্রতিবাদ গড়ে তোলারও আহ্বান জানান তিনি।

এদিকে, কলাপাড়ায় দীর্ঘদিন ধরে পূজা উদযাপন ফ্রন্টের মাধ্যমে সুনামের সঙ্গে পূজা-পার্বণ ও ধর্মীয় কার্যক্রম পরিচালিত হয়ে আসছে বলে দাবি সংশ্লিষ্টদের।

তবে কমিটি গঠন নিয়ে ওঠা এসব অভিযোগের বিষয়ে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযোজন করা হবে।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts