বিকাশের এই প্ল্যাটফর্ম সরাসরি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-টিডিএস ও আইবাস, বাংলাদেশ ব্যাংকসহ প্রাসঙ্গিক সব সরকারি সিস্টেমের সঙ্গে যুক্ত। অর্থাৎ লেনদেনের তথ্য স্বয়ংক্রিয়ভাবে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সিস্টেমে যুক্ত হবে। ফলে স্বয়ংক্রিয়ভাবে ডিজিটাল চালান তৈরি হবে এবং রিয়েল টাইমে লেনদেনের সর্বশেষ অবস্থা (স্ট্যাটাস) যাচাই করা যাবে। এতে করপোরেট প্রতিষ্ঠান ও তাদের ভেন্ডারদের আর কাগজপত্র, ম্যানুয়াল রিকনসিলিয়েশন বা সার্টিফিকেট আদান-প্রদানে সময় নষ্ট হবে না।
আজ রোববার রাজধানীর আগারগাঁওয়ে এনবিআর কার্যালয়ে এক অনুষ্ঠানে সেবাটির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, এই সেবা চালুর মাধ্যমে কর ব্যবস্থাপনার ডিজিটাইজেশন এক ধাপ এগিয়েছে। প্রতিষ্ঠানগুলো সহজে, নিরাপদে ও রিয়েল টাইমে কর পরিশোধ করতে পারবে। এতে নগদ অর্থ বহনের ঝুঁকিও কমবে।


