কমলাপুরে উপচে পড়া ভিড়: নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ – DesheBideshe

কমলাপুরে উপচে পড়া ভিড়: নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ – DesheBideshe



কমলাপুরে উপচে পড়া ভিড়: নাড়ির টানে বাড়ি ফিরছে মানুষ – DesheBideshe

ঢাকা, ২৫ মে – পবিত্র ঈদুল আজহাকে কেন্দ্র করে রাজধানী ছাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষ। রাজধানীর প্রধান রেলওয়ে স্টেশন কমলাপুরে ভোর থেকেই যাত্রীদের উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে হাজারো মানুষ নাড়ির টানে গ্রামের বাড়ির উদ্দেশে যাত্রা করছেন। কেউ যাচ্ছেন দেশের দক্ষিণাঞ্চলে আবার কেউ চট্টগ্রাম কিংবা সিলেট অঞ্চলে।

দীর্ঘ কর্মব্যস্ততা শেষে বাড়ি ফিরতে পেরে অনেক যাত্রীর মুখে স্বস্তির হাসি দেখা গেছে। বিশেষ করে শিশুদের মধ্যে বাড়ি ফেরা নিয়ে ব্যাপক উচ্ছ্বাস লক্ষ করা যায়।

সুন্দরবন এক্সপ্রেসের যাত্রী জিয়ারুল ইসলাম জানান যে ঈদে বাড়ি ফেরার আনন্দই আলাদা এবং এখন পর্যন্ত ট্রেনের যাত্রা বেশ আরামদায়ক ও স্বস্তিদায়ক মনে হচ্ছে। আরেক যাত্রী আশরাফুল ইসলাম জানান সড়কপথের যানজট এড়াতে তিনি ট্রেনকে বেছে নিয়েছেন। যাত্রীর চাপ থাকলেও সবার সঙ্গে বাড়ি ফিরতে ভালো লাগছে বলে তিনি মন্তব্য করেন।

এদিকে কমিউটার ট্রেনের টিকিট পেতে যাত্রীদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা করতে হচ্ছে। অগ্রিম টিকিট বিক্রির ব্যবস্থা না থাকায় যাত্রার মাত্র দুই ঘণ্টা আগে টিকিট বিক্রি শুরু হয়। ফলে কাঙ্ক্ষিত টিকিটের জন্য ভোর থেকেই স্টেশনের কাউন্টারের সামনে ভিড় করছেন যাত্রীরা।

রেলওয়ে সূত্রে জানা গেছে প্রতি তিনটি টিকিটের বিপরীতে মাত্র একটি আসন বরাদ্দ থাকে এবং বাকি দুটি টিকিট স্ট্যান্ডিং হিসেবে বিক্রি করা হয়। এতে অনেক যাত্রীকে দাঁড়িয়ে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে।

অন্যদিকে ঈদ উপলক্ষে ট্রেনের ফিরতি টিকিটও অনলাইনে বিক্রি করছে বাংলাদেশ রেলওয়ে। রেলওয়ের বিশেষ পরিকল্পনা অনুযায়ী আজ ২৫ মে বিক্রি হচ্ছে ৪ জুনের ফিরতি যাত্রার টিকিট। ৩১ মে যাত্রার টিকিট ২১ মে এবং ১ জুনের টিকিট ২২ মে বিক্রি করা হয়েছে। এছাড়া ৩ জুনের যাত্রার টিকিট ২৪ মে থেকে দেওয়া শুরু হয়েছে।

এনএন/ ২৫ মে ২০২৬



Explore More Districts