
নিজস্ব প্রতিনিধি: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জে বাজারের গলি ও ড্রেন দখলের বিরুদ্ধে ব্যাপক অভিযান করে কমলনগর উপজেলা প্রশাসন। শনিবার (২৮ মার্চ) সকাল ১১টা থেকে চলমান এ অভিযানে প্রায় অর্ধশত দোকানের অবৈধ অংশ ভেঙে বাজারের ৪টি বড় গলি দখলমুক্ত করা হয়। এসময় তোরাবগঞ্জ-মতিরহাট সড়ককে ফুটপাতমুক্ত ঘোষণা করা হয়। বাজারের গলি দখল ও ড্রেন দখলের অভিযোগে ৪টি দোকানে ১২ হাজার টাকা জরিমানা করা হয়। এর আগে আগুন ক্ষতিগ্রস্ত দোকানঘর পরিদর্শন করে উপজেলা প্রশাসন।
অভিযান পরিচালনা করেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান। উপস্থিত ছিলেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ তহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও বাজার ইজারাদার গোলাম কাদের এবং স্থানীয় ব্যবসায়ী ও গণমান্য ব্যক্তিবর্গ।
স্থানীয়ভাবে জানা গেছে, দীর্ঘদিন যাবত অব্যবস্থাপনার কারণে তোরাবগঞ্জ বাজারের ৪টি বড় গলি, প্রতিটি ড্রেন এবং দুটি পুকুর দখল করে ফেরেছে ঘর মালিক ও ব্যবসায়ীরা। এ কারণে বাজারে সারাদিন তীব্র যানজট লেগে থাকে। বর্ষায় ময়লা ও পানিতে একাকার হয়ে পড়ে।
সর্বশেষ গত ২১ মার্চ রাতে বাজারের স্বর্ণকার গলি আগুনে পুড়ে ছাই হয় ৭টি দোকান। এতে ব্যবসায়ীদের প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়। আগুনের সংবাদ শুনেই ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে পৌঁছালেও বাজারের গলিতে অবৈধ দোকান থাকায় ফায়ার সার্ভিস অন্তত অধা ঘন্টায় ক্ষতিগ্রস্ত দোকানে পৌঁছাতে পারেনি। এ ঘটনার পরপরই মূলত স্থানীয়রা বাজারের অব্যবস্থাপনার বিরুদ্ধে তীব্রভাবে সোচ্চার হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ রাহাত উজ জামান বলেন, বাজারের গলিতে ও ড্রেনে অবৈধ দখলদারদের আমরা সরিয়ে দিয়েছি এবং জরিমানা করেছি। এরপরেও আইন না মানলে জেল দেয়া হবে। তিনি বাজারের ব্যবসায়ীদের আইন মেনে চলার আহবান করেন।


