কমতে পারে বৃষ্টি, থাকবে ভ্যাপসা গরম

কমতে পারে বৃষ্টি, থাকবে ভ্যাপসা গরম

আবহাওয়া অধিদপ্তর গতকাল সন্ধ্যায় যে আবহাওয়ার বিজ্ঞপ্তি দিয়েছে সে অনুযায়ী, আজ ঢাকা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু–এক জায়গায় বৃষ্টি হতে পারে। এ সময়ের বৃষ্টির বৈশিষ্ট্য অনুযায়ী থাকতে পারে বজ্রপাত।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, আজ দেশে বিচ্ছিন্নভাবে কিছু এলাকায় বৃষ্টি হতে পারে। গত সপ্তাহজুড়ে দেশব্যাপী যেমন বৃষ্টি হয়েছে তেমন বৃষ্টি হওয়ার সম্ভাবনা আগামী দু–এক দিনে নেই।

এখন বৃষ্টি হলেও গরম কিন্তু কমছে না। দেখা যাচ্ছে বৃষ্টি হওয়ার পর সাময়িক কিছুটা প্রশান্তি হচ্ছে; কিন্তু এরপরই ভ্যাপসা গরম। এর কারণ প্রসঙ্গে আবহাওয়াবিদ ওমর ফারুক বললেন, মার্চ মাস পর্যন্ত দেশে উত্তরের হাওয়া প্রবল থাকে। মে মাসে দক্ষিণের হাওয়া প্রাধান্যশীল হয়ে ওঠে। দক্ষিণের হাওয়া মানে সাগর থেকে আসা জলীয় বাষ্পপূর্ণ হাওয়া। আর জলীয় বাষ্প থাকলে গরমটা একটু বেশি থাকবে, সেটাই স্বাভাবিক।‌

Explore More Districts