কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত খনিতে ভয়াবহ ভূমিধ্বস, ২০০ মানুষের প্রাণহানির আশঙ্কা – DesheBideshe

কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত খনিতে ভয়াবহ ভূমিধ্বস, ২০০ মানুষের প্রাণহানির আশঙ্কা – DesheBideshe

কঙ্গোর বিদ্রোহী নিয়ন্ত্রিত খনিতে ভয়াবহ ভূমিধ্বস, ২০০ মানুষের প্রাণহানির আশঙ্কা – DesheBideshe

আফ্রিকা, ১ ফেব্রুয়ারি – আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম দেশ গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের পূর্বাঞ্চলে একটি সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন খনিতে ভয়াবহ ভূমিধ্বসের ঘটনা ঘটেছে। সরকার ও স্থানীয় প্রশাসনের আশঙ্কা প্রকাশ করে জানিয়েছে যে এই দুর্ঘটনায় অন্তত ২০০ মানুষের প্রাণহানির সম্ভাবনা রয়েছে।

সশস্ত্র গোষ্ঠী এম২৩ নিয়ন্ত্রিত নর্থ কিভু প্রদেশের রুবায়া খনি এলাকায় এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী খনিজ সম্পদ সমৃদ্ধ ওই এলাকার পাহাড়ের একটি অংশ বুধবার বিকেলে ধসে পড়ে এবং পরবর্তীতে বৃহস্পতিবার সকালে দ্বিতীয় দফায় আরেকটি ভূমিধ্বস আঘাত হানে। এম২৩ নিযুক্ত গভর্নর এরাস্টন বাহাতি মুসাঙ্গা সংবাদ সংস্থা এএফপিকে জানিয়েছেন যে অন্তত ২০০ জন মানুষ এই ঘটনায় প্রাণ হারিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে ওই অঞ্চলে ফোন নেটওয়ার্ক অকেজো থাকায় এবং যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়ে পড়ায় এএফপি নিরপেক্ষভাবে মৃতের সংখ্যা যাচাই করতে পারেনি। মানবাধিকার সংস্থার সূত্রগুলো জানিয়েছে যে ওই দুর্গম এলাকা থেকে মোটরসাইকেলে করে আসা মানুষদের মাধ্যমে অত্যন্ত সীমিত তথ্য পাওয়া যাচ্ছে যার ফলে হতাহতের প্রকৃত সংখ্যা নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

উল্লেখ্য যে ২০২৪ সালের এপ্রিলে রুয়ান্ডার সহায়তায় এম২৩ নামের সশস্ত্র গোষ্ঠীটি নর্থ কিভু প্রদেশের এই গুরুত্বপূর্ণ খনিটির দখল নেয়। ল্যাপটপ ও মোবাইল ফোনের মতো ইলেকট্রনিক পণ্য উৎপাদনের অন্যতম প্রধান উপকরণ কোলটান আহরণের জন্য রুবায়া খনিটি বিশ্বজুড়ে পরিচিত। বিশ্বের মোট কোলটান উৎপাদনের ১৫ থেকে ৩০ শতাংশই আসে এই খনি থেকে এবং বিশেষজ্ঞদের মতে এই খনি থেকে এম২৩ গোষ্ঠী প্রতি মাসে অন্তত আট লাখ মার্কিন ডলার আয় করে থাকে।

এস এ এস / ১ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts