কক্সবাজারে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ – দৈনিক আজাদী

কক্সবাজারে গাছে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ – দৈনিক আজাদী

কক্সবাজার পৌরসভার বিজিবি ক্যাম্প পশ্চিম পাড়ায় বাড়ি থেকে ডেকে নিয়ে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবককে হত্যা অভিযোগ উঠেছে।

আজ সোমবার সকালে বাড়ির অদূরে গাছের সাথে ঝুলন্ত অবস্থা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত রহিদ বড়ুয়া ওই এলাকার কালু বড়ুয়ার পুত্র এবং চট্টগ্রামের নিউ মার্কেটের একটি দোকানে চাকরি করতেন।

পিতা কালু বড়ুয়া সাংবাদিকদের জানান, শনিবার রাত ১২টার দিকে বাসার সামনে অবস্থান করছিলো রহিদ বড়ুয়া। এসময় দুটি অটোরিকশা করে এসে রহিদ বড়ুয়াকে ডেকে নিয়ে যায় কয়েকজন৷ এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে ভোরে পার্শ্ববর্তী এক আত্মীয়ের বাড়ির একটি তেতুলিয়া গাছে গামছা দিয়ে রহিদ বড়ুয়ার ঝুলন্ত মরদেহ দেখতে পান স্থানীয় লোকজন।

পিতা কালু বড়ুয়া অভিযোগ করেন, ফেসবুকে রহিদ বড়ুয়ার একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে তিন মাস আগে স্থানীয় ছোটন নামের একজনের সাথে বিবাদ সৃষ্টি হয়। এই ঘটনার পর মুচলেকা দিয়ে চট্টগ্রাম চলে যায় রহিদ বড়ুয়া।

এর মধ্যে বাড়িতে এলে তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয় বলে অভিযোগ করেন পিতা। হত্যার আগে মারাত্মক আঘাত করা হয়েছে। শরীরের বিভিন্ন স্থানে আঘাত রয়েছে বলে জানান তিনি।

এ ব্যাপারে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দীন বলেন, খবর পেয়ে গাছের ঝুলন্ত অবস্থায় যুবকের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত হত্যা না আত্মহত্যা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। ময়না তদন্ত প্রতিবেদন পেলে কারণ জানা যাবে৷ এ ব্যাপারে তদন্ত চলছে।

Explore More Districts