ওদেসায় রুশ হামলায় নি*হত ৩, পাল্টা ড্রোন হামলা জোরদার ইউক্রেনের – DesheBideshe

ওদেসায় রুশ হামলায় নি*হত ৩, পাল্টা ড্রোন হামলা জোরদার ইউক্রেনের – DesheBideshe



ওদেসায় রুশ হামলায় নি*হত ৩, পাল্টা ড্রোন হামলা জোরদার ইউক্রেনের – DesheBideshe

কিয়েভ, ৭ এপ্রিল – ইউক্রেনের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী ওদেসায় রাশিয়ার ভয়াবহ হামলায় একটি শিশুসহ অন্তত তিনজন নিহত হয়েছেন। সোমবার একজন সামরিক কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন। শহরটির সামরিক প্রশাসনের প্রধান সেরহিয় লিসাক সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, রাতের আঁধারে শত্রুপক্ষের এই হামলায় তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং উদ্ধারকারীরা ধ্বংসস্তূপ থেকে চারজনকে জীবিত উদ্ধার করেছেন।

এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, একজন গর্ভবতী নারী ও দুই শিশুসহ মোট এগারো জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাদের মধ্যে এক শিশুর বয়স এক বছরেরও কম। অন্যদিকে রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ইউক্রেন তাদের দূরপাল্লার ড্রোন হামলা জোরদার করেছে। রুশ কর্তৃপক্ষের মতে, ইউক্রেনের ড্রোন হামলায় বাল্টিক বন্দর প্রিমোরস্কের কাছাকাছি একটি তেল পাইপলাইন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইউক্রেনের এমন ধারাবাহিক হামলায় মস্কো বেশ চাপে পড়েছে। ইউক্রেনের হামলা থেকে রক্ষা পেতে রাশিয়া তাদের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো দূরবর্তী এলাকায় সরিয়ে নিচ্ছে। এগুলো দক্ষিণ পশ্চিম সাইবেরিয়ার ওমস্ক এবং উরাল পর্বতের কাছে পার্ম শহরে নতুন করে স্থাপন করা হচ্ছে। ইউক্রেনের এই দূরপাল্লার হামলা ক্রেমলিনের জন্য গভীর উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে, কারণ এতে রাশিয়ার তেল উৎপাদন এবং সামরিক সরঞ্জাম সংশ্লিষ্ট স্থাপনাগুলো ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছে

গত এপ্রিলের শুরুর দিকে ইউক্রেনের ড্রোন হামলায় বাশকোর্তোস্তান অঞ্চলের উফা শহরে অবস্থিত বাশনেফত নোভোইল তেল শোধনাগারের একটি বড় ইউনিট বন্ধ হয়ে যায়, যা পুরো শোধনাগারের আটাশ শতাংশ সক্ষমতা ধারণ করত। ৫ এপ্রিল প্রিমোরস্কের কাছে একটি রুশ তেল পাইপলাইনে ড্রোন হামলা চালানো হয়। এছাড়া কস্তোভস্কি শোধনাগার এবং নোভোহিরকোভস্কায়া তাপবিদ্যুৎ কেন্দ্রেও ক্ষতির খবর পাওয়া গেছে।

ইউক্রেন কেবল স্থলভাগেই নয়, সমুদ্রেও হামলা চালাচ্ছে এবং ভূমধ্যসাগরে রাশিয়ার শ্যাডো ফ্লিট ট্যাংকারগুলোকে লক্ষ্যবস্তু করছে। এদিকে সাম্প্রতিক মাসগুলোতে রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধের কূটনৈতিক প্রচেষ্টা অনেকটাই থমকে আছে। চলতি বছর আবুধাবি ও জেনেভায় যুক্তরাষ্ট্র, রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে তিন দফায় উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হলেও পূর্ব ইউক্রেনের ভূখণ্ড সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোতে কোনো অগ্রগতি অর্জিত হয়নি।

এস এম/ ৭ এপ্রিল ২০২৬



Explore More Districts