এবার আর্জেন্টিনার রেকর্ড ভেঙ্গে দিলো স্পেন – DesheBideshe

এবার আর্জেন্টিনার রেকর্ড ভেঙ্গে দিলো স্পেন – DesheBideshe



এবার আর্জেন্টিনার রেকর্ড ভেঙ্গে দিলো স্পেন – DesheBideshe

প্যারিস, ১৫ জুলাই – ফ্রান্সকে পরাজিত করে বিশ্বকাপের ফাইনালে ওঠার পাশাপাশি অনন্য এক কীর্তি গড়েছে স্পেন। আন্তর্জাতিক ফুটবলে টানা ৩৭ ম্যাচ অপরাজিত থেকে ইতালির গড়া সবচেয়ে দীর্ঘ সময় হার না মানার রেকর্ডে ভাগ বসিয়েছে তারা। এই যাত্রায় স্প্যানিশরা পেছনে ফেলেছে আর্জেন্টিনাকে।

বিশ্বকাপের সেমিফাইনালে ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে স্পেন। এই জয়ের ফলে দলটির অপরাজিত থাকার সংখ্যা এখন ৩৭। এর আগে টানা ৩৬ ম্যাচে অপরাজিত থেকে আর্জেন্টিনার সঙ্গে যৌথভাবে তালিকার দ্বিতীয় স্থানে ছিল তারা। বর্তমানে ইতালির সর্বোচ্চ রেকর্ডে ভাগ বসাল লুইস দে লা ফুয়েন্তের শিষ্যরা।

স্পেনের এই দাপুটে পথচলা শুরু হয়েছিল ২০২৪ সালের ২৬ মার্চ থেকে। আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কলম্বিয়ার কাছে হারের পর আর কোনো ম্যাচেই হারের মুখ দেখেনি দলটি। এই দীর্ঘ সময়ে তারা ৩০টি ম্যাচে জয় পেয়েছে এবং ৭টি ম্যাচে ড্র করেছে। ফ্রান্সের বিপক্ষে সেমিফাইনাল লড়াইয়ের প্রথমার্ধেই লিড নেয় স্পেন।

মিকেল ওয়ারসাবালের নিখুঁত পেনাল্টি শটে প্রথম গোলটি আসে। এরপর বিরতি থেকে ফিরে ব্যবধান দ্বিগুণ করেন পেদ্রো পোরো। দুই গোলের এই জয়ে নিশ্চিত হয় বিশ্বকাপের ফাইনালের টিকিট। আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার একক রেকর্ডটি এতদিন কেবল ইতালির দখলে ছিল।

২০১৮ সালের অক্টোবর থেকে ২০২১ সালের অক্টোবর পর্যন্ত টানা ৩৭ ম্যাচ হারেনি ইতালিয়ানরা। এবার সেই মাইলফলকে পৌঁছাল স্পেন। ফিফা ও ইউরোপীয় ফুটবলের নিয়ম অনুযায়ী, কোনো দল পেনাল্টি শুটআউটে পরাজিত হলেও সেটিকে আনুষ্ঠানিক হার হিসেবে ধরা হয় না।

এই নিয়মের ফলে নেশনস লিগের ফাইনালে পর্তুগালের কাছে পেনাল্টিতে হারলেও স্পেনের অপরাজিত থাকার ধারায় কোনো ছেদ পড়েনি। এখন স্পেনের সামনে হাতছানি দিচ্ছে নতুন ইতিহাস। বিশ্বকাপের ফাইনালে জয়লাভ করতে পারলেই ইতালিকে টপকে আন্তর্জাতিক ফুটবলে এককভাবে সবচেয়ে দীর্ঘ সময় অপরাজিত থাকার বিশ্বরেকর্ড গড়বে তারা।

এস এম/ ১৫ জুলাই ২০২৬



Explore More Districts