এফডিসির অনুষ্ঠানে দীঘির সঙ্গে ছবি না তুলে মন্ত্রীর চলে যাওয়া নিয়ে যা বললেন জয় – DesheBideshe



ফিল্ম ডিরেক্টরস ডে অনুষ্ঠানে প্রার্থনা ফারদিন দীঘি, আন্দালিভ রহমান পার্থ ও শাহরিয়ার নাজিম জয়
বিএফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’-র একটি মুহূর্তের ভিডিও নিয়ে মন্তব্য করেছেন শাহরিয়ার নাজিম জয়।

ঢাকা, ১৭ সেপ্টেম্বর- চলচ্চিত্র পরিচালক সমিতির আয়োজনে গত বুধবার বিএফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই অনুষ্ঠানের একটি ভিডিও ঘিরে এখন নেটমাধ্যমে ব্যাপক আলোচনা চলছে।

ভিডিওতে দেখা যায়, ছবি তোলার সময় উপস্থিত অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘিকে এড়িয়ে যান তথ্যমন্ত্রী আন্দালিভ রহমান পার্থ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি। বিষয়টি নিয়ে যখন নানা আলোচনা চলছে, তখন এ নিয়ে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন অভিনেতা-উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, লাল শাড়ি পরা দীঘি ফ্যাশন ডিজাইনার গৌতমের সহায়তায় তথ্যমন্ত্রীর কাছে গিয়ে ছবি তোলার জন্য দাঁড়ান। তবে মন্ত্রী সৌজন্য বজায় রেখে হাসিমুখে জানান, তাঁর আরেকটি কাজ রয়েছে। কুশল বিনিময় শেষ করে তিনি দ্রুত সেখান থেকে চলে যান। এ সময় দীঘির মুখেও কিছুটা বিব্রত ভাব দেখা যায়।

বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে নিজের পর্যবেক্ষণ তুলে ধরেছেন জয়। এক স্ট্যাটাসে জয় লেখেন, যেখানে অনেক মানুষ দীঘির সঙ্গে ছবি তোলার জন্য আগ্রহী থাকেন, সেখানে তথ্যমন্ত্রীর মধ্যে ছবি তোলার বিষয়ে কোনো অতিরিক্ত আগ্রহ দেখা যায়নি।

ঘটনাটি থেকে দুটি স্পষ্ট বার্তা পাওয়া যায় বলে উল্লেখ করেন জয়। তাঁর মতে, প্রথমত—৫ আগস্টের পর সরকারের কয়েকজন শীর্ষ মন্ত্রী ও উপদেষ্টার চলচ্চিত্র অঙ্গনে উপস্থিতি পুরো ইন্ডাস্ট্রির জন্য একটি ভালো বার্তা। দ্বিতীয়ত—অপ্রয়োজনে কাজের বাইরে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে যেন শিল্পীদের সমস্যায় পড়তে না হয়, মন্ত্রী পরোক্ষভাবে সে বিষয়ে সহযোগিতা করেছেন।

জয় লেখেন, ‘মন্ত্রীর পাশে দাঁড়িয়ে ছবি তুলে ভবিষ্যতে বিপদে না পড়ার জন্য শিল্পীকে সহযোগিতা করলেন। শিল্পীদের বোঝা উচিত কাজের বাইরে অকারণে মন্ত্রীদের পাশে দাঁড়িয়ে ছবি তোলার দিন শেষ। পূর্বের দিনগুলোতে আমাদের সকলের অভিজ্ঞতা খুবই ভয়াবহ। কাজটাই আমাদের মুখ্য উদ্দেশ্য। আর আমাদের ইন্ডাস্ট্রি স্বয়ংসম্পূর্ণ হলে এবং আমরা যার যার প্রতিভা বিকাশে সফল হলে মন্ত্রীরা নিজেরাই এসে আমাদের সাথে ছবি তুলবেন।’

এর পাশাপাশি, বর্তমান পরিস্থিতিতে সরকারের ঊর্ধ্বতন ব্যক্তিদের সঙ্গে চলচ্চিত্র অঙ্গনের গুণীজনদের একত্র করে এমন সফল আয়োজন করার জন্য চলচ্চিত্র পরিচালক সমিতিকে অভিনন্দন জানান জয়। একই সঙ্গে মিডিয়া ব্যক্তিত্ব ফরিদুর রেজা সাগরকে চলচ্চিত্রের প্রধানতম অভিভাবক ও নেপথ্যের নায়ক হিসেবে উল্লেখ করে তাঁর অবদানেরও প্রশংসা করেন তিনি।

এস এম/ ১৭ সেপ্টেম্বর ২০২৬




FAQ

১. ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ কবে অনুষ্ঠিত হয়?

২০২৬ সালের ১৬ সেপ্টেম্বর বুধবার বিএফডিসিতে ‘ফিল্ম ডিরেক্টরস ডে’ আয়োজন করা হয়।

২. অনুষ্ঠানে প্রধান অতিথি কে ছিলেন?

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।

৩. দীঘি ও তথ্যমন্ত্রীর ভিডিওতে কী দেখা যায়?

ভিডিওতে দীঘিকে মন্ত্রীর সঙ্গে ছবি তোলার জন্য দাঁড়াতে দেখা যায়। এরপর মন্ত্রী জানান তাঁর অন্য কাজ রয়েছে এবং সেখান থেকে চলে যান।

৪. ঘটনাটি নিয়ে কে মন্তব্য করেছেন?

অভিনেতা ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয় সামাজিক মাধ্যমে নিজের পর্যবেক্ষণ প্রকাশ করেছেন।

৫. তথ্যমন্ত্রী কেন ছবি তোলেননি?

এ বিষয়ে তথ্যমন্ত্রীর কোনও আনুষ্ঠানিক ব্যাখ্যা পাওয়া যায়নি। তাই নির্দিষ্ট কারণ দাবি করা যাচ্ছে না।

৬. অনুষ্ঠানে আর কী হয়েছিল?

চলচ্চিত্র অঙ্গনের একাধিক গুণী ব্যক্তিকে সম্মাননা দেওয়া হয়। দীঘি সাংস্কৃতিক পর্বে নৃত্য পরিবেশন করেন এবং সাবিনা ইয়াসমিনসহ কয়েকজনকে সম্মাননা দেওয়া হয়।

Explore More Districts