
নয়াদিল্লি, ১ ফেব্রুয়ারি – যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সম্প্রতি কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনের সঙ্গে সম্পর্কিত হাজার হাজার গোপন নথিপত্র প্রকাশ করেছে। প্রকাশিত এসব নথিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।
বিবিসি এবং জেরুজালেম পোস্টের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এপস্টেইন সংক্রান্ত প্রায় ত্রিশ লাখ পাতা এবং বিপুল সংখ্যক ছবি ও ভিডিও ফুটেজ গত শুক্রবার উন্মুক্ত করা হয়।
প্রকাশিত নথির একাংশে দাবি করা হয়েছে যে ২০১৭ সালে নরেন্দ্র মোদী যখন ইসরায়েল সফরে গিয়েছিলেন তখন তিনি তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সন্তুষ্ট করার জন্য এপস্টেইনের পরামর্শ নিয়েছিলেন। ইমেইল বার্তায় এপস্টেইন নিজেই এমন তথ্য জানিয়েছিলেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।
সেখানে আরও অদ্ভুত দাবি করা হয় যে ট্রাম্পকে খুশি করতে মোদী ইসরায়েলে গিয়ে নাচ ও গানে অংশ নিয়েছিলেন।
এদিকে মোদীকে নিয়ে এমন তথ্যের উপস্থিতি ভারতের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।
তবে ভারত সরকার এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ভিডিও বার্তায় জানিয়েছেন যে প্রধানমন্ত্রীর নাম জড়ানোর বিষয়টি পুরোপুরি ভিত্তিহীন এবং নিন্দনীয়। তিনি জোর দিয়ে বলেন যে এই তথ্যের কোনো বিশ্বাসযোগ্যতা নেই এবং এটি সরাসরি প্রত্যাখ্যানযোগ্য।
এনএন/ ১ ফেব্রুয়ারি ২০২৬



