
ঢাকা, ১১ জানুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক আলী হুসাইনসহ ১২ জন নেতা পদত্যাগ করেছেন। রোববার (১১ জানুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ ঘোষণা দেন।
পদত্যাগকারী অন্যরা হলেন—যুগ্ম সমন্বয়ক কাজী মাহফুজুর রহমান, সদস্য আশিকুর রহমান সুমন, শেখ রাসেল, শেখ মিজানুর রহমান, মো. হাসান শেখ, মো. শহিদুল ইসলাম, শেখ জাহিদুল ইসলাম, শেখ নাবিল হোসেন, মো. জনি, মুনিয়া আক্তার জেনি ও মো. রাতুল আহসান।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে আলী হুসাইন পদত্যাগের ঘোষণা দেন। এ সময় উপস্থিত অন্য সদস্যরাও দলীয় পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান।
আলী হুসাইন বলেন, তিনি ২০২৫ সালের ৩ জুন থেকে এনসিপির বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। তবে ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের অঙ্গীকার ও নতুন বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে জাতীয় নাগরিক পার্টির জন্ম ও পথচলা শুরু হয়েছিল, বর্তমান রাজনৈতিক বাস্তবতায় তার সঙ্গে অসামঞ্জস্য দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, নতুন বন্দোবস্তের যে স্বপ্ন নিয়ে পথচলা শুরু করেছিলেন, তা থেকে বিচ্যুতি ঘটায় এনসিপির সঙ্গে তার রাজনৈতিক দর্শনের সংঘর্ষ তৈরি হয়েছে। এ কারণেই তিনি বাগেরহাট সদর উপজেলা শাখার প্রধান সমন্বয়ক পদসহ দলীয় সব দায়িত্ব থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।
এনএন/ ১১ জানুয়ারি ২০২৬



