
ঢাকা, ১৮ জানুয়ারি – নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলাম এবং ঢাকা-৮ আসনের প্রার্থী মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে শোকজ করেছেন রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরী।
রোববার (১৮ জানুয়ারি) রিটার্নিং কর্মকর্তার পক্ষ থেকে তাদের দুজনের কাছেই আলাদা আলাদা শোকজ নোটিশ পাঠানো হয়।
নাহিদ ইসলামকে পাঠানো চিঠিতে রিটার্নিং কর্মকর্তা উল্লেখ করেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তার নিজের বড় আকারের রঙিন ছবি সংবলিত বিলবোর্ড দেখা গেছে। এসব বিলবোর্ডে ‘ঢাকা-১১’ উল্লেখ করে ‘দেশ সংস্কারের গণভোট—হ্যাঁ’র পক্ষে থাকুন’ লেখা স্লোগান ব্যবহার করা হয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থী।
চিঠিতে সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ উদ্ধৃত করে বলা হয়, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তাদের মনোনীত প্রার্থী, স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কেউ ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করতে পারেন না।
এই প্রেক্ষাপটে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য নাহিদ ইসলামকে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে তিনি নিজে বা তার প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিল করতে বলা হয়েছে।
অন্যদিকে, মুহাম্মাদ নাসীরুদ্দীন পাটওয়ারীকে পাঠানো শোকজ নোটিশে বলা হয়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঢাকা-৮ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে তার নিজের বড় আকারের রঙিন ছবি সংবলিত বিলবোর্ড দেখা গেছে। এসব বিলবোর্ডে ‘ঢাকা-৮ আসনের সংসদ সদস্য প্রার্থী’ এবং ‘গণভোটকে হ্যাঁ বলি’ লেখা স্লোগান রয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধিমালার পরিপন্থী।
নোটিশে একইভাবে আচরণবিধিমালা, ২০২৫-এর বিধি ১৮ উল্লেখ করে বলা হয়, ভোটগ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহের আগে কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। এ কারণে আগামী ১৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার মধ্যে সব বিলবোর্ড অপসারণের জন্য তাকে অনুরোধ জানানো হয়েছে।
এছাড়া নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে তার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে আগামী ১৯ জানুয়ারি সকাল ১১টার মধ্যে তিনি নিজে অথবা তার প্রতিনিধির মাধ্যমে রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত জবাব দাখিলের নির্দেশ দেওয়া হয়েছে।
এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬



