বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে কোনো গ্রাহক খেলাপিসহ বিভিন্ন ধরনের অপরিশোধিত ঋণ পরিশোধে এক্সিট সুবিধা নেওয়ার আবেদনের ক্ষেত্রে ৫ শতাংশ ডাউন পেমেন্ট বা এককালীন জমা দিলেই চলবে। আগের নীতিমালা অনুযায়ী, গ্রাহককে এই সুবিধা পেতে ঋণের ন্যূনতম ১০ শতাংশ এককালীন জমা দিতে হতো। নতুন নির্দেশনায় গ্রাহকের আবেদনের ৬০ দিনের মধ্যে ব্যাংকগুলোকে তা নিষ্পত্তির জন্য বলা হয়েছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, মূল ঋণ ২০ লাখ টাকা পর্যন্ত হলে এক্সিট সুবিধা দেওয়ার ক্ষেত্রে ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি সিদ্ধান্ত নিতে পারবে। ঋণের পরিমাণ ২০ লাখ টাকার বেশি হলে ব্যাংকের পরিচালনা পর্ষদ বা নির্বাহী কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। আগের নীতিমালা অনুযায়ী, ১০ লাখ টাকা পর্যন্ত ঋণের সিদ্ধান্ত নিতে পারত ব্যাংকের ব্যবস্থাপনা কমিটি।

