একচেটিয়া ব্যবসা নয়, দ্বন্দ্ব নিরসন হোক

একচেটিয়া ব্যবসা নয়, দ্বন্দ্ব নিরসন হোক

নারীর ক্ষমতায়ন ও অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্য নিয়ে ২০১১ সালে সরকারি পৃষ্ঠপোষকতায় জয়িতা ফাউন্ডেশনের যাত্রা শুরু হয়েছিল। কিন্তু রাজধানীতে বিপণনকেন্দ্র ও ফুডকোর্ট ঘিরে নানা জটিলতা, দ্বন্দ্ব ও অব্যবস্থাপনার কারণে ফাউন্ডেশনের কার্যক্রম নিয়ে হতাশাজনক পরিস্থিতি তৈরি হয়েছে। বিগত সরকারের আমলে একচেটিয়া প্রভাবে স্টল বরাদ্দ পাওয়া উদ্যোক্তাদের কারণে নতুন উদ্যোক্তারাও সেখানে বঞ্চিত হচ্ছেন। সবকিছু মিলিয়ে জয়িতার নতুন ভবনটি চালু করা যাচ্ছে না। ১২ তলার বিশাল ভবনটি তো এভাবে পড়ে থাকতে পারে না।

প্রথম আলোর প্রতিবেদন জানাচ্ছে, রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি শপিং কমপ্লেক্সে এখন জয়িতার বিপণনকেন্দ্র ও ফুডকোর্ট মিলিয়ে মোট ৯৪টি স্টল আছে। সমিতির অধীনে সেখানে স্টল বরাদ্দ নিতে হয় নারী উদ্যোক্তাদের। কিন্তু খাবারের খোঁজে জয়িতা ফুডকোর্টে ঢুকলেই গরমে নাজেহাল অবস্থা তৈরি হয়। এসি মাসের পর মাস অচল, বেসিন ভাঙা, শৌচাগারও ব্যবহারের অনুপযোগী। উদ্যোক্তারা জানিয়েছেন, মাসে ৪৮ হাজার টাকা খরচ করে স্ট্যান্ড ফ্যান ভাড়া করে তাঁরা নিজেরাই বাতাসের ব্যবস্থা করছেন। অথচ ফাউন্ডেশন বা সংশ্লিষ্ট মন্ত্রণালয় এসব সমস্যার কোনো কার্যকর সমাধান করছে না।

Explore More Districts