এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া যশোরের চার শিক্ষার্থীর চার স্বপ্ন

এইচএসসিতে জিপিএ-৫ পাওয়া যশোরের চার শিক্ষার্থীর চার স্বপ্ন

এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে যশোরের চার শিক্ষার্থী। ভালো ফলাফলের পাশাপাশি প্রত্যেকের রয়েছে ভবিষ্যৎ নিয়ে ভিন্ন ভিন্ন স্বপ্ন। কেউ ভালো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াতে চায়, কেউ অর্থনীতিবিদ হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে চায়। আবার কেউ উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের সেবা করতে চায়, কেউ হতে চায় কম্পিউটার প্রকৌশলী।

জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের একজন আতিফা মেহজাবিন। সে যশোর সরকারি এমএম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নেয়। যশোর শহরের উপশহর ডি ব্লকের বাসিন্দা আতিফা দুই বোনের মধ্যে ছোট। তার বাবা আলী আহমেদ মিয়া এনজিও সংস্থা আশার পাবনা জেলার ডিস্ট্রিক্ট ম্যানেজার এবং মা আরিফা আক্তার নিউটাউন বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক। বড় বোন আনিকা মেহজাবিন মেডিকেল শিক্ষার্থী। আতিফার স্বপ্ন একজন ভালো মানুষ হওয়া এবং মানুষের পাশে দাঁড়ানো। ভালো ফলাফলের জন্য শিক্ষক, মা-বাবা, বড় বোন, গৃহশিক্ষক, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সে।

যশোর শিক্ষা বোর্ড মডেল স্কুল অ্যান্ড কলেজের মানবিক বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে আনিকা আনজুম। তার বাবা আব্দুল মালেক ও মা সুষ্মিতা আলেয়া। ভবিষ্যতে অর্থনীতিবিদ হয়ে বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখতে চায় আনিকা। ভালো ফলাফলের পেছনে শিক্ষকদের পাশাপাশি তার মামী সহকারী অধ্যাপক মঞ্জুয়ারা সোনালির অবদানের কথা জানিয়েছে সে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল আনিকা।

যশোর সরকারি এমএম কলেজের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ অর্জন করেছে মো. নাফিস হাসান আব্দুল্লাহ। তার বাবা সরকারি চাকরিজীবী ও কবি নাঈম নাজমুল এবং মা পারুল খাতুন একজন শিক্ষক। উচ্চশিক্ষা গ্রহণ করে ভবিষ্যতে দেশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চায় নাফিস। ভালো ফলাফলের জন্য শিক্ষক ও মা-বাবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে সে। ২০২৪ সালের এসএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ পেয়েছিল নাফিস।

অন্যদিকে, শার্শার আকিজ কলেজিয়েট স্কুলের বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ পেয়েছে তৌহিদা আহম্মেদ টিনা। তার বাবা আহম্মদ আলী ও মা রেবেকা টপি দুজনই শিক্ষকতা করেন। এসএসসি পরীক্ষাতেও জিপিএ-৫ অর্জন করেছিল টিনা। ভবিষ্যতে কম্পিউটার প্রকৌশলী হতে চায় সে। ভালো ফলাফলের জন্য শিক্ষক ও মা-বাবার অবদানের কথা স্বীকার করে সবার কাছে দোয়া চেয়েছে টিনা।

Explore More Districts