উপকূলের চর থেকে রাষ্ট্র পরিচালনায়: নুরুল হক নুরের উত্থানের গল্প

উপকূলের চর থেকে রাষ্ট্র পরিচালনায়: নুরুল হক নুরের উত্থানের গল্প

১৮ February ২০২৬ Wednesday ৭:৩৭:৩৩ PM

Print this E-mail this


বিশেষ প্রতিনিধি:

উপকূলের চর থেকে রাষ্ট্র পরিচালনায়: নুরুল হক নুরের উত্থানের গল্প

উপকূলের বিচ্ছিন্ন চরাঞ্চল থেকে উঠে আসা এক তরুণ নেতা। সংগ্রাম, প্রতিকূলতা আর দুঃসহ অভিজ্ঞতা পেরিয়ে তিনি এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দুতে। সংসদের গণ্ডি ছাপিয়ে বিএনপি নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন নুরুল হক নুর। বর্তমানে তিনি শ্রম কর্মসংস্থান ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে জন্ম নেওয়া নুরুল হক নুর ছোটবেলা থেকেই ছিলেন প্রতিবাদী ও সাহসী। সাধারণ মধ্যবিত্ত পরিবারে বেড়ে ওঠা এই নেতার রাজনৈতিক পথচলা শুরু থেকেই ছিল চ্যালেঞ্জে ভরা। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে ক্ষমতাসীন ছাত্রসংগঠনের শক্ত অবস্থানের মধ্যেও তিনি ডাকসু নির্বাচনে ভিপি পদে জয়ী হয়ে আলোচনায় আসেন। এরপর বিভিন্ন সময়ে হামলা ও নির্যাতনের শিকার হলেও রাজনৈতিক অবস্থান থেকে সরে যাননি।

সাম্প্রতিক নির্বাচনে নিজের সেই সংগ্রামী জীবনের অভিজ্ঞতা ভোটারদের সামনে তুলে ধরেন তিনি। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, তার এই লড়াকু ইমেজই সাধারণ ভোটারদের মধ্যে ইতিবাচক প্রভাব ফেলেছে। তবে দায়িত্ব গ্রহণের পর নুরুল হক নুর বলেছেন, তিনি দল-মতের ঊর্ধ্বে উঠে কাজ করতে চান।

নুরুল হকের বাবা ইদ্রিস হাওলাদার চর বিশ্বাস ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য। তিন ভাই ও পাঁচ বোনের মধ্যে নুর চতুর্থ। মাত্র আড়াই বছর বয়সে তিনি মাকে হারান। উন্নত চিকিৎসার অভাবে মায়ের মৃত্যু তার জীবনে গভীর প্রভাব ফেলে। একসময় চিকিৎসক হওয়ার স্বপ্ন দেখলেও শেষ পর্যন্ত রাজনীতিক হিসেবেই মানুষের সেবা করার পথ বেছে নেন তিনি।

তার এই সাফল্যে নিজ জেলা পটুয়াখালীর নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে। স্থানীয় নেতাদের আশা, দায়িত্ব ও কর্তব্য নিষ্ঠার সঙ্গে পালন করে তিনি জাতীয় পর্যায়ে আরও জনপ্রিয় হয়ে উঠবেন।

উপকূলের একটি প্রত্যন্ত চর থেকে শুরু হওয়া এই যাত্রা এখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসে পৌঁছেছে। ফলে ছাত্র-জনতা থেকে শুরু করে সাধারণ মানুষের প্রত্যাশার পারদও এখন অনেকটাই ঊর্ধ্বমুখী।

সম্পাদনা: আমাদের বরিশাল ডেস্ক


শেয়ার করতে ক্লিক করুন:

Explore More Districts