উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় সাইনবোর্ড – দৈনিক আজাদী

উত্তর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় সাইনবোর্ড – দৈনিক আজাদী





চট্টগ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ে সাইনবোর্ড লাগিয়েছে দলটির নেতাকর্মীরা। পরে একদল যুবক গিয়ে সেই সাইনবোর্ড সরিয়ে ফেলেছে।

গতকাল সোমবার বিকেলে এ সংক্রান্ত দুটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তবে রাত আটটার পর নিউমার্কেটের দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যালয়টিতে গিয়ে ফলকটি আর দেখা যায়নি। কার্যালয়েও তালা দেওয়া ছিল।

ছড়িয়ে পড়া ৫২ সেকেন্ডের একটি ভিডিওতে দেখা যায়, দুই ব্যক্তি দোস্ত বিল্ডিংস্থ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উত্তর জেলার কার্যালয়ের সামনে দলীয় সাইনবোর্ড লাগাচ্ছিলেন। এক পর্যায়ে দরজার ঠিক ওপরে ব্যানারটি সাঁটিয়ে দেন তারা।

এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে রাতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের নিচে ও উপরে এনসিপির কয়েকজন নেতাকর্মী জড়ো হয়। পরবর্তীতে সাংবাদিকরা গিয়ে আওয়ামী লীগের কার্যালয়ে লাগানো সাইনবোর্ডটি আর দেখতে পাননি। এসময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের অবস্থান করতে দেখা যায়।

জানতে চাইলে কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা পুলিশের একটি দল পাঠিয়েছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। ব্যানারও ছিল না। কক্ষগুলোতে তালা দেওয়া ছিল।




Explore More Districts