ইসরায়েল প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির, ইহুদি সংগঠনগুলোর তীব্র সমালোচনা – DesheBideshe

ইসরায়েল প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির, ইহুদি সংগঠনগুলোর তীব্র সমালোচনা – DesheBideshe



ইসরায়েল প্যারেড বর্জনের ঘোষণা জোহরান মামদানির, ইহুদি সংগঠনগুলোর তীব্র সমালোচনা – DesheBideshe

নিউইয়র্ক সিটি, ২৬ মে – নিউইয়র্ক সিটির ঐতিহাসিক ইসরায়েল ডে প্যারেডে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নেতা জোহরান মামদানি। তার এই ঘোষণায় বিভিন্ন ইহুদি সংগঠন তীব্র প্রতিক্রিয়া ও সমালোচনা ব্যক্ত করেছে।

মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

নিউইয়র্কে সম্প্রতি ইহুদিবিদ্বেষ বা অ্যান্টিসেমিটিজম বৃদ্ধির উদ্বেগের মধ্যেই মামদানি এই বর্জনের সিদ্ধান্ত নিলেন।

উল্লেখ্য যে ইসরায়েলের বাইরে নিউইয়র্ক সিটিই বিশ্বের বৃহত্তম ইহুদি জনগোষ্ঠীর আবাসস্থল হিসেবে গণ্য করা হয়। দীর্ঘকাল ধরে এই বার্ষিক প্যারেডটি ইহুদি রাষ্ট্র ও স্থানীয় ইহুদি সম্প্রদায়ের প্রতি সংহতি প্রকাশের অন্যতম মাধ্যম হিসেবে স্বীকৃত।

মামদানির এই সিদ্ধান্তের প্রতিবাদে শহরের দুটি প্রভাবশালী ইহুদি সংগঠন গ্রেসি ম্যানশনে আয়োজিত একটি অনুষ্ঠানে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।

নিউইয়র্ক সিটির মেয়র এরিক এডামস প্রশাসনের ইহুদিবিদ্বেষ বিরোধী দফতরের সাবেক প্রধান মোশে ডেভিস জানান যে ১৯৬৪ সাল থেকে শুরু হওয়া এই প্যারেডে সবসময়ই শহরের মেয়ররা অংশ নিয়েছেন। তিনি মনে করেন এই প্যারেড বর্জনের সিদ্ধান্ত নিউইয়র্ক সিটির দীর্ঘ ইতিহাসের প্রতি অবমাননা।

আগামী ৩১ মে অনুষ্ঠিতব্য এই সংহতি সমাবেশে অংশ না নেওয়ার বিষয়টি চলতি মাসের শুরুর দিকে মামদানি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন। এমন এক সময়ে তিনি এই ঘোষণা দিলেন যখন শহরের বিভিন্ন স্থানে ইসরায়েলবিরোধী বিক্ষোভ ও ইহুদিবিদ্বেষ নিয়ে উদ্বেগ বাড়ছে।

এর আগে ২০২৫ সালের অক্টোবরে জিউইশ টেলিগ্রাফিক এজেন্সিকে দেওয়া এক সাক্ষাৎকারেও তিনি এই প্যারেডে অংশ না নেওয়ার ইঙ্গিত দিয়েছিলেন। তবে প্যারেড বর্জনের এই রাজনৈতিক বিতর্কের মধ্যেই আয়োজক কমিটি জানিয়েছে যে মামদানির এই সিদ্ধান্তের ফলে সাধারণ মানুষের মধ্যে সংহতি প্রকাশের আগ্রহ আরও বেড়েছে।

আয়োজকরা আশা করছেন যে এবারের অনুষ্ঠানে রেকর্ড সংখ্যক মানুষ উপস্থিত হবেন।

এনএন/ ২৬ মে ২০২৬



Explore More Districts