
তেহরান, ১৬ এপ্রিল – ইরানের বিরুদ্ধে যুদ্ধ পরিস্থিতি আরও লাখ লাখ মানুষকে চরম ক্ষুধার দিকে ঠেলে দিতে পারে বলে সতর্ক করেছেন বিশ্বব্যাংকের প্রধান অর্থনীতিবিদ ইন্দরমিত গিল। তিনি জানান যে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সম্ভাব্য যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের বিদ্যমান সংঘাত বিশ্বজুড়ে খাদ্য সংকট আরও প্রকট করবে।
ওয়াশিংটন ডিসিতে আন্তর্জাতিক মুদ্রা তহবিল ও বিশ্বব্যাংকের বসন্তকালীন বৈঠকের ফাঁকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই উদ্বেগ প্রকাশ করেন।
ইন্দরমিত গিল বলেন বর্তমানে বিশ্বের প্রায় ৩০ কোটি মানুষ তীব্র খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছে। যুদ্ধের ধারাবাহিক প্রভাবে এই সংখ্যা খুব দ্রুত আরও ২০ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তার মতে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে রয়েছে যুদ্ধবিধ্বস্ত বা ভঙ্গুর শাসনব্যবস্থার দেশগুলো। দ্রুত এই পরিস্থিতির সমাধান না হলে ক্ষুধা এবং দুর্ভিক্ষ এই দেশগুলোকে মারাত্মকভাবে গ্রাস করতে পারে।
তিনি আরও উল্লেখ করেন যে বাজারে বর্তমানে যে খাদ্যশস্য পাওয়া যাচ্ছে তা আগে উৎপাদিত হলেও যুদ্ধের প্রকৃত প্রভাব কয়েক মাসের মধ্যেই সরবরাহ ব্যবস্থায় অনুভূত হতে পারে।
এনএন/ ১৬ এপ্রিল ২০২৬





