ইরানে খামেনির বদলে নতুন নেতৃত্বের দাবি ট্রাম্পের – DesheBideshe

ইরানে খামেনির বদলে নতুন নেতৃত্বের দাবি ট্রাম্পের – DesheBideshe

ইরানে খামেনির বদলে নতুন নেতৃত্বের দাবি ট্রাম্পের – DesheBideshe

ওয়াশিংটন, ১৮ জানুয়ারি – সরকারবিরোধী বিক্ষোভে কয়েক হাজার মানুষ নিহত হওয়ার পর ইরানে নতুন নেতৃত্ব প্রয়োজন বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর মাধ্যমে তিনি মূলত দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনিকে সরানোর ইঙ্গিত দিয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) সংবাদমাধ্যম পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “ইরানে নতুন নেতৃত্ব খোঁজার সময় এসেছে।”

বিক্ষোভকারীদের দমনে কঠোর অবস্থান নেওয়ার কারণে খামেনির তীব্র সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, “একজন দেশের নেতা হিসেবে তিনি যা করেছেন, তা দেশের জন্য পুরোপুরি ধ্বংসযজ্ঞ। বিক্ষোভকারীদের বিরুদ্ধে যে মাত্রার সহিংসতা হয়েছে, তা আগে কখনো দেখা যায়নি।”

ট্রাম্প আরও বলেন, “দেশ সঠিকভাবে চালানোর জন্য— যদিও এই চালানোর বিষয়টি খুবই নিচু লেভেলের— ইরানের নেতাদের উচিত দেশ পরিচালনায় মনোযোগ দেওয়া। যেমনটা আমি যুক্তরাষ্ট্রে করি। দেশের নিয়ন্ত্রণ ধরে রাখতে কয়েক হাজার মানুষকে হত্যা করা নেতৃত্ব হতে পারে না। নেতৃত্ব মানে শ্রদ্ধা, ভয় বা মৃত্যুর মাধ্যমে শাসন নয়।”

এদিকে ট্রাম্পের এই বক্তব্যের আগেই তার কড়া সমালোচনা করেন আয়াতুল্লাহ আলী খামেনি। তিনি ট্রাম্পকে অপরাধী হিসেবে উল্লেখ করে বলেন, ইরানের জনগণের ওপর যে ধ্বংসযজ্ঞ নেমে এসেছে, তার জন্য ট্রাম্প দায়ী।

উল্লেখ্য, গত ২৮ ডিসেম্বর ইরানে সরকারবিরোধী বিক্ষোভ শুরু হয়, যা ৮ ও ৯ জানুয়ারি সহিংস আকার ধারণ করে। এ সময় ইরানের নিরাপত্তাবাহিনী কঠোরভাবে বিক্ষোভ দমন করে। মানবাধিকার সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত এসব বিক্ষোভে তিন হাজার মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

এনএন/ ১৮ জানুয়ারি ২০২৬



Explore More Districts