
আবুধাবি, ২৩ মার্চ – সংযুক্ত আরব আমিরাতসহ উপসাগরীয় দেশগুলোর কঠিন সময়ে বড় আরব ও মুসলিম দেশগুলো পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা আনোয়ার গারগাস।
গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে সংঘাতে জড়ালে, পাল্টা পদক্ষেপ হিসেবে ইরান উপসাগরীয় অঞ্চলে মার্কিন ঘাঁটি ও অবকাঠামোতে হামলা শুরু করে। এর মধ্যে আমিরাত সবচেয়ে বেশি হামলার শিকার হয়েছে।
এই পরিস্থিতিতে আমিরাতের প্রেসিডেন্টের উপদেষ্টা গভীর ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি দাবি করেন, ইরানের আগ্রাসনের কারণে তারা চরম সংকটের মুখে পড়েছেন, অথচ আরব ও মুসলিম বিশ্বের প্রভাবশালী নেতারা নীরব ভূমিকা পালন করছেন।
সোমবার মাইক্রো ব্লগিং সাইটে দেওয়া এক বার্তায় তিনি প্রশ্ন তোলেন, আরব লীগ এবং ওআইসির মতো গুরুত্বপূর্ণ সংগঠনগুলো এখন কোথায়। যখন তাদের জনগণ ও দেশ হামলার শিকার হচ্ছে, তখন বড় দেশগুলোর অনুপস্থিতি হতাশাজনক।
আনোয়ার গারগাস আরও জানান, বর্তমান পরিস্থিতিতে আরব বিশ্ব যেহেতু কোনো কার্যকর পদক্ষেপ নিতে পারছে না, তাই এই অঞ্চলে তাদের ভূমিকা হ্রাস পাওয়ার বিষয়ে অভিযোগ করা অর্থহীন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র ও পশ্চিমা দেশগুলোর উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলাও এখন আর গ্রহণযোগ্য হবে না।
উপসাগরীয় দেশগুলো অন্যান্য দেশের উন্নয়নে সবসময় সহায়ক ভূমিকা পালন করেছে উল্লেখ করে তিনি ক্ষোভের সঙ্গে জানতে চান, আজ তাদের দুর্দিনে মিত্ররা কেন নীরব।
এর আগে তিনি স্পষ্ট জানিয়েছিলেন, ইরানের ধারাবাহিক হামলার ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আমিরাতের সম্পর্ক ভবিষ্যতে আরও সুদৃঢ় হবে।
এনএন/ ২৩ মার্চ ২০২৬



