
তেল আবিব, ১৫ মার্চ – ইরানের সামরিক বাহিনীর হামলায় ইসরায়েলে গত ২৪ ঘণ্টায় শতাধিক মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে দেশটির সংবাদমাধ্যম দ্য টাইমস অব ইসরায়েল এ তথ্য জানিয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সঙ্গে চলমান সংঘাতের জেরে গত ২৪ ঘণ্টায় অন্তত ১০৮ জন আহত ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে এসব ব্যক্তির আহত হওয়ার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে মন্ত্রণালয়ের পক্ষ থেকে বিস্তারিত কিছু জানানো হয়নি।
ধারণা করা হচ্ছে, এদের মধ্যে অনেকেই সরাসরি ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র অথবা লেবানন থেকে আসা রকেটের আঘাতে আহত হয়েছেন। তাছাড়া সাইরেন বাজার পর নিরাপদ আশ্রয়ে যাওয়ার সময় তাড়াহুড়ো করতে গিয়েও বেশ কয়েকজন আহত হয়ে থাকতে পারেন বলে অনুমান করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি থেকে রবিবার সকাল পর্যন্ত মোট ৩ হাজার ১৯৫ জন মানুষকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে ৮১ জন এখনও চিকিৎসাধীন রয়েছেন।
অন্যদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে খুঁজে বের করে হত্যার প্রকাশ্য অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি। আইআরজিসির এক বিবৃতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে সরাসরি লক্ষ্যবস্তু হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান প্রবল উত্তেজনার মাঝেই তারা এই কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছে।
আইআরজিসি পরিচালিত সংবাদমাধ্যম সেপাহ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই অপরাধী যদি বেঁচে থাকেন তবে সম্পূর্ণ শক্তি প্রয়োগ করে তাকে তাড়া করে হত্যা করা হবে।
এনএন/ ১৫ মার্চ ২০২৬




