ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান স্থগিত, পাল্টা হামলা বন্ধ করল তেহরান – DesheBideshe

ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান স্থগিত, পাল্টা হামলা বন্ধ করল তেহরান – DesheBideshe



ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান স্থগিত, পাল্টা হামলা বন্ধ করল তেহরান – DesheBideshe

তেহরান, ২৬ জুলাই – টানা ১৩ দিন ধরে সামরিক অভিযান চালানোর পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে ইরানের বিরুদ্ধে হামলা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের এই সিদ্ধান্তের প্রেক্ষিতে ইরানও মধ্যপ্রাচ্যে অবস্থানরত যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধে তাদের ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ রাখার ঘোষণা দিয়েছে।

রোববার আন্তর্জাতিক বার্তা সংস্থা এএফপি এই তথ্য নিশ্চিত করেছে। প্রতিবেদন অনুযায়ী, গত দুই রাত ইরানে কোনো হামলা চালায়নি মার্কিন বাহিনী। এর ফলে ইরানও ওই অঞ্চলে তাদের প্রতিশোধমূলক সামরিক কার্যক্রম স্থগিত করেছে।

ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মাদ আকরামিনিয়া জানান, মার্কিন হামলার জবাবেই তারা পাল্টা অভিযান চালাচ্ছিলেন। যেহেতু মার্কিন পক্ষ বর্তমানে হামলা থেকে বিরত রয়েছে, তাই তারাও তাদের অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মধ্যপ্রাচ্যে মোতায়েন করা যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষাব্যবস্থা বর্তমানে বেশ নাজুক অবস্থায় রয়েছে। ইরানের ক্রমাগত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা মোকাবিলা করতে গিয়ে প্যাট্রিয়টের মতো অত্যন্ত ব্যয়বহুল প্রতিরক্ষা ব্যবস্থার মজুদ প্রায় শেষ হয়ে এসেছে। এই পরিস্থিতিতে হামলা অব্যাহত রাখা মার্কিন বাহিনীর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে বলে মনে করছেন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তারা।

উল্লেখ্য, শুক্রবার শীর্ষ উপদেষ্টা ও মন্ত্রিসভার সদস্যদের সাথে এক বৈঠকের পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। তবে এই স্থগিতাদেশ কতদিন স্থায়ী হবে সে সম্পর্কে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্র জানিয়েছে, ট্রাম্প তার সিদ্ধান্তের সময়সীমা সম্পর্কে স্পষ্ট কিছু জানাননি। এর ফলে যেকোনো সময় আবারও হামলা শুরু হওয়ার বা দীর্ঘমেয়াদী শান্ত পরিস্থিতি বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

এনএন/ ২৬ জুলাই ২০২৬



Explore More Districts