
বাগদাদ, ৫ মার্চ – নিজেদের ভূখণ্ড ব্যবহার করে ইরানের বিরুদ্ধে কোনো প্রকার হুমকি সৃষ্টি হতে দেবে না ইরাক। ইরাকি প্রধানমন্ত্রী শিয়া আল সুদানির বরাতে বুধবার এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই বুধবার ইরাকের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি। ফোনালাপের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি বিবৃতি প্রকাশ করে।
বিবৃতিতে বলা হয়, ইরাকের প্রধানমন্ত্রী ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লা আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। পাশাপাশি তিনি নিশ্চিত করেছেন যে তার সরকার ইরাকের সীমান্তে বা ভূখণ্ডে ইরানের জন্য ক্ষতিকর কোনো তৎপরতাকে প্রশ্রয় দেবে না।
এছাড়া ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শিয়া আল সুদানি। তিনি মন্তব্য করেন যে ইসরায়েল যে আগ্রাসী অভিযান চালাচ্ছে, তা আন্তর্জাতিক আইন ও নীতিমালার পরিপন্থী।
এই ফোনালাপে ইরানের পক্ষে দৃঢ় সমর্থন জানানো এবং হামলার নিন্দা করায় ইরাকের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান সৈয়দ আব্বাস আরাগচি।
এনএন/ ৫ মার্চ ২০২৬


