ইরাকের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১ ও আহত ৬ – DesheBideshe

ইরাকের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১ ও আহত ৬ – DesheBideshe

ইরাকের তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১ ও আহত ৬ – DesheBideshe

ইরাক, ১০ ফেব্রুয়ারি – ইরাকের উত্তরাঞ্চলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ তেল শোধনাগারের ইউনিটে অগ্নিকাণ্ডের ঘটনায় এক শ্রমিক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অন্তত ছয়জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। সোমবার ইরাকি কর্তৃপক্ষ গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে। সালাহউদ্দিন প্রদেশের বাইজি তেল শোধনাগারের একটি ইউনিটে এই আগুনের সূত্রপাত হয়।

ইরাকি সরকারের নিরাপত্তাবিষয়ক মিডিয়া ইউনিট এক বিবৃতিতে জানিয়েছে যে দমকল বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে। বিবৃতিতে হতাহতের বিষয়টি নিশ্চিত করে বলা হয় যে এ ঘটনায় একজন শ্রমিকের মৃত্যু হয়েছে এবং ছয়জন আহত হয়েছেন। বাইজির স্থানীয় প্রশাসনিক কর্মকর্তা আদেল আল-দাজ জানিয়েছেন শোধনাগারের কারিগরি ত্রুটির কারণেই সেখানে বিস্ফোরণ ও পরবর্তী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। উল্লেখ্য যে বাগদাদ থেকে প্রায় ২০০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই বাইজি শোধনাগারটি একসময় ইরাকের সবচেয়ে বড় তেল শোধনাগার হিসেবে পরিচিত ছিল।

২০১৪ সালে ইসলামিক স্টেট বা আইএস গোষ্ঠী ইরাকের এক-তৃতীয়াংশ এলাকা দখল করে নিলে সেখানে তীব্র লড়াইয়ের সময় স্থাপনাটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়। দীর্ঘ সংস্কারকাজ শেষে ২০২৪ সালের ফেব্রুয়ারিতে শোধনাগারটি পুনরায় চালু করা হয়েছিল। বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ ইরাকের মোট বাজেটের প্রায় ৯০ শতাংশই আসে অপরিশোধিত তেল বিক্রি থেকে তাই এই শোধনাগারটি দেশটির অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ।

এ এম/ ১০ ফেব্রুয়ারি ২০২৬



Explore More Districts