ইমরানের মানবাধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমিমা গোল্ডস্মিথ – DesheBideshe



ইসলামাবাদ, ২৫ আগস্ট – পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মৌলিক মানবাধিকার ও সঠিক চিকিৎসা নিশ্চিত করতে ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন তার সাবেক স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় তিনি পাকিস্তান সরকারকে দেশটির সুপ্রিম কোর্টের নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।

জেমিমা উল্লেখ করেন যে পাকিস্তানের সুপ্রিম কোর্ট ইমরান খানকে বিশেষজ্ঞ চিকিৎসকের মাধ্যমে পরীক্ষার নির্দেশ দিলেও সরকার তা যথাযথভাবে পালন করেনি। তিনি বর্তমান ব্রিটিশ প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীর কাছে প্রশ্ন তুলেছেন যে ইমরানের এই পরিস্থিতির মুখে ব্রিটেন আর কতদিন নীরব থাকবে।

জেমিমা অভিযোগ করেন যে প্রায় তিন বছর ধরে কারাবন্দি ইমরান খান দীর্ঘ সময় ধরে একাকীত্বে রয়েছেন এবং তার পরিবারের সদস্যদের সাথেও যোগাযোগ করতে দেওয়া হচ্ছে না। এমনকি তাকে বই এবং আইনজীবীদের সাথে নিয়মিত সাক্ষাতের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।

তিনি আরও জানান যে ইমরান খানের দুই ছেলে সুলায়মান ও কাসিম তাদের বাবার শারীরিক অবস্থা নিয়ে চরম উদ্বেগের মধ্যে রয়েছেন এবং তাদের পাকিস্তানে যাওয়ার ভিসা পর্যন্ত দেওয়া হচ্ছে না। সুপ্রিম কোর্ট তাকে শিফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দিলেও তাকে অন্য হাসপাতালে নেওয়া হয়েছিল যা আদালতের অবমাননা বলে মনে করছে ইমরানের দল পিটিআই।

জেমিমা স্মরণ করিয়ে দেন যে পাকিস্তান কমনওয়েলথের সদস্য হিসেবে মানবাধিকার রক্ষার প্রতিশ্রুতিবদ্ধ এবং এই ক্ষেত্রে ব্রিটেনের সোচ্চার হওয়া উচিত। বর্তমানে ইমরান খান আদিয়ালা কারাগারে দুর্নীতির মামলায় সাজা ভোগ করছেন।

এস এম/ ২৫ আগস্ট ২০২৬



Explore More Districts