ইফতারের টেবিলে জনপ্রিয় হয়ে উঠছে হোম রেসিপি ফুডের পণ্য – দৈনিক আজাদী

ইফতারের টেবিলে জনপ্রিয় হয়ে উঠছে হোম রেসিপি ফুডের পণ্য – দৈনিক আজাদী

পবিত্র রমজান মাসে ইফতারের টেবিল ঘিরে বাড়ছে সুস্বাদু খাবারের চাহিদা। খাদ্যপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণ হয়ে উঠেছে হোম রেসিপি ফুডের বিভিন্ন ইফতারি ও মিষ্টান্ন পণ্য। বিশেষ করে মাহালাবিয়া, রসমালাই, দই ও জিলাপির স্বাদে মুগ্ধ হয়ে প্রতিদিন ভিড় করছেন অসংখ্য ক্রেতা। প্রতিষ্ঠানটির তৈরি মাহালাবিয়া ও রসমালাইয়ের প্রতি গ্রাহকদের আগ্রহ সবচেয়ে বেশি লক্ষ্য করা যাচ্ছে। পাশাপাশি কম দামে মানসম্মত পণ্য পাওয়ার কারণে ক্রেতাদের আস্থাও দিন দিন বাড়ছে।

সরেজমিনে দেখা গেছে, ইফতারের সময় ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে হোম রেসিপি ফুডের আউটলেটে ক্রেতাদের ভিড় বাড়তে থাকে। বিশেষ করে তাদের তৈরি দই ও জিলাপির প্রতিও ক্রেতাদের আলাদা আকর্ষণ রয়েছে। অনেকে পরিবার ও অতিথিদের জন্য এখান থেকে মিষ্টান্ন ও ইফতারি সামগ্রী কিনে নিয়ে যাচ্ছেন। গতকাল নগরীর গরিব উল্লাহ শাহ হাউজিং এলাকা এবং মোমিন রোড এলাকার আউটলেটে এমন দৃশ্য চোখে পড়ে।

কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটির সবচেয়ে জনপ্রিয় পণ্য মাহালাবিয়া। প্রতিদিন গড়ে ৭০০ থেকে ৮০০ কেজি মাহালাবিয়া বিক্রি হচ্ছে। প্রতি কেজির মূল্য রাখা হয়েছে ৪৫০ টাকা। অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায় স্বাদে ভিন্ন ও মানসম্মত উপকরণ ব্যবহারের কারণে ক্রেতাদের কাছে এ পণ্যটি বিশেষভাবে জনপ্রিয় হয়ে উঠেছে।

মিষ্টান্নের পাশাপাশি ইফতারি পণ্যের তালিকায় রয়েছে জালি কাবাব, ফিরনি কাপ, বিফ বল, ফিরনি, বিফ চপ, নার্গিস কাবাব, চিকেন সমুচা, চিকেন সাসলিক, চিকেন বল, চিকেন রোল, ভেজিটেবল পাকোড়া, ভেজিটেবল রোল, আলুর চপ, পিঁয়াজু, বেগুনি, শাক বড়া, ইরানি কাবাব, চিকেন ললিপপ ও চিকেন পরটা। এসব খাবারের স্বাদ ও বৈচিত্র্যের কারণে ক্রেতাদের মধ্যে সাড়া দেখা যাচ্ছে।

ইফতার কিনতে আসা ক্রেতা আরিফুল ইসলাম বলেন, রমজানে পরিবারের জন্য প্রায়ই এখান থেকে ইফতারি কিনি। বিশেষ করে তাদের মাহালাবিয়া ও রসমালাইয়ের স্বাদ খুবই ভালো লাগে। দামও তুলনামূলক কম, তাই নিশ্চিন্তে নেওয়া যায়। আরেক ক্রেতা মো. ইমরান বলেন, হোম রেসিপি ফুডের দই ও জিলাপি আমার খুব পছন্দের। প্রতিদিন ইফতারের সময় এখানে ভিড় থাকে। তবুও খাবারের মান ভালো থাকার কারণে আমরা এখান থেকে কিনতে স্বাচ্ছন্দ্যবোধ করি।

হোম রেসিপি ফুডের মহাব্যবস্থাপক মো. নুর নবী হৃদয় বলেন, আমাদের লক্ষ্য হচ্ছে ঘরের স্বাদ ও ভালোবাসা দিয়ে তৈরি তাজা ও সুস্বাদু খাবার মানুষের কাছে পৌঁছে দেওয়া। আমরা সব সময় চেষ্টা করি উন্নত মানের উপকরণ ব্যবহার করে স্বাস্থ্যসম্মত ও মজাদার খাবার প্রস্তুত করতে। তিনি বলেন, কম দামে ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করি, যাতে সব শ্রেণির মানুষ সহজে আমাদের পণ্য কিনতে পারেন। গ্রাহকদের সন্তুষ্টি ও বিশ্বাসই আমাদের সবচেয়ে বড় অনুপ্রেরণা।

রমজানজুড়ে হোম রেসিপি ফুডের বিভিন্ন পণ্যের চাহিদা আরো বাড়বে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। স্বাদ, মান ও সাশ্রয়ী মূল্যের সমন্বয়ে প্রতিষ্ঠানটি ইতোমধ্যে অনেক ক্রেতার মনে জায়গা করে নিয়েছে।

Explore More Districts