জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় এবং চট্টগ্রাম জেলা কার্যালয় কর্তৃক চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের একটি টিমের সমন্বয়ে নগরীর আকবর শাহ এলাকাধীন বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়।
এসময় ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার মেডিকেল অক্সিজেন হিসাবে বিক্রি করায় এবং মেয়াদ উত্তীর্ণ সামগ্রী দিয়ে মেডিকেল টেস্ট ও মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয় এবং নিষিদ্ধ প্রসাধনী এবং অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রির জন্য চারটি প্রতিষ্ঠানে মোট ১ লক্ষ ৫৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।
গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রাম বিভাগের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ’ র নেতৃত্বে এই অভিযান চালানো হয়।
অভিযানে লেকসিটি রোড, আকবার শাহ এলাকায় অবস্থিত এস বি এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহৃত অক্সিজেন সিলিন্ডার গ্যাস মেডিকেল অক্সিজেন হিসাবে বিক্রি করায় উক্ত প্রতিষ্ঠানকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িক বন্ধ করা হয়। একই এলাকায় অবস্থিত সেবা ফার্মেসিতে মেয়াদ উত্তীর্ণ ঔষধ বিক্রয়ের কারণে ৪ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। এছাড়া হালিশহরে অবস্থিত হালিশহর হেলথকেয়ার ডায়াগনস্টিক সেন্টারে মেয়াদ উত্তীর্ণ সামগ্রী দিয়ে বিভিন্ন ধরনের মেডিকেল টেস্ট করায় ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
একই এলাকায় অবস্থিত আরাফাত কসমেটিক্সে নিষিদ্ধ প্রসাধনী এবং অননুমোদিত প্রসাধনী সামগ্রী বিক্রয় করায় ১০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়। অভিযান পরিচালনায় অংশ নেন উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক মো: আনিছুর রহমান, সহকারী পরিচালক মাহমুদা আক্তার, সহকারী পরিচালক রানা দেবনাথ এবং ক্যামেরাম্যান মোঃ আফতাবুজ্জামান।


