ইনজুরির থাবায় বিপর্যস্ত বাংলাদেশ দল, ছিটকে গেলেন নাহিদ রানা – DesheBideshe

ইনজুরির থাবায় বিপর্যস্ত বাংলাদেশ দল, ছিটকে গেলেন নাহিদ রানা – DesheBideshe



ইনজুরির থাবায় বিপর্যস্ত বাংলাদেশ দল, ছিটকে গেলেন নাহিদ রানা – DesheBideshe

ঢাকা, ২৫ জুলাই – অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের আসন্ন দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে ছিটকে গেছেন গতিময় পেসার নাহিদ রানা। শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। গত ১৭ জুলাই জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে শেষ টি টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় ইনজুরিতে পড়েন নাহিদ।

তার বাঁ পাশের পাঁজরের পেশিতে টান লেগেছিল। পরবর্তী সময়ে স্ক্যান রিপোর্টে গ্রেড টু সাইড স্ট্রেন ধরা পড়ে। চিকিৎসকদের মতে সুস্থ হতে তার অন্তত চার সপ্তাহ সময় লাগবে এবং পূর্ণ ফিটনেস ফিরে পেতে আরও দুই থেকে চার সপ্তাহ প্রয়োজন। ফলে অস্ট্রেলিয়ার বিপক্ষে পুরো সিরিজেই মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে।

অন্যদিকে ইনজুরির কারণে সিরিজের প্রথম টেস্টে খেলতে পারছেন না অভিজ্ঞ ব্যাটার লিটন কুমার দাস। তিনি বর্তমানে বাঁ পায়ের কাফ মাসলের চোট কাটিয়ে ওঠার প্রক্রিয়ায় আছেন। বর্তমানে সিঙ্গাপুরে একজন বিশেষজ্ঞ চিকিৎসকের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে। তবে দ্বিতীয় টেস্টে তাকে পাওয়ার সম্ভাবনা রয়েছে।

পেসার শরীফুল ইসলামকেও প্রথম টেস্টে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ বলে জানিয়েছে বিসিবি। তবে তার পুনর্বাসন প্রক্রিয়ায় বেশ অগ্রগতি লক্ষ্য করা গেছে। আগামী ২৯ জুলাই থেকে তিনি পুনরায় বোলিং শুরু করবেন এবং ১২ আগস্ট তার একটি ফিটনেস পরীক্ষা হওয়ার কথা আছে।

সেই পরীক্ষার ফলের ওপর ভিত্তি করে তাকে দ্বিতীয় টেস্টের জন্য বিবেচনা করা হতে পারে। বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যকার দুই টেস্টের সিরিজটি শুরু হবে আগামী ১৩ আগস্ট ডারউইনে। সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টটি অনুষ্ঠিত হবে ২২ আগস্ট থেকে ম্যাকাইতে।

এস এম/ ২৫ জুলাই ২০২৬



Explore More Districts