
মুম্বাই, ১ জুন – যশ রাজ ফিল্মসের আসন্ন স্পাই ইউনিভার্স থ্রিলার ‘আলফা’ সিনেমার শুটিং সেটে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে ববি দেওলের মনোমালিন্যের খবর ছড়িয়ে পড়েছিল। সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এই গুঞ্জনকে সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট বলে উড়িয়ে দিয়েছেন ববি দেওল।
সম্প্রতি একটি টেলিভিশন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এই বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করেন। ববি দেওল জানান, এই গুঞ্জনের কথা শুনে দর্শকদের মতো তিনিও বিস্মিত হয়েছিলেন। অভিনেতা বলেন, তার এক বন্ধু তাকে এই সংক্রান্ত খবরের একটি স্ক্রিনশট পাঠিয়েছিলেন যা দেখে তিনি অবাক হন।
তিনি মনে করেন, কিছু মানুষ অযথাই এ ধরনের মিথ্যা খবর রটনা করে। সহ-অভিনেত্রী আলিয়া ভাটের প্রশংসা করে ববি বলেন, আলিয়া অত্যন্ত পেশাদার এবং কঠোর পরিশ্রমী একজন শিল্পী। সিনেমার অ্যাকশন দৃশ্যের জন্য তিনি নিজেকে যেভাবে প্রস্তুত করেছেন তা সত্যিই প্রশংসনীয়।
ববি দেওল আরও উল্লেখ করেন যে, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত সংবাদের বড় একটি অংশই অসত্য। ‘আলফা’ সিনেমাটি যশ রাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের প্রথম নারীপ্রধান চলচ্চিত্র।
এতে আলিয়া ভাটের সঙ্গে শর্বরী ওয়াঘকেও মূল ভূমিকায় দেখা যাবে। এছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন অনিল কাপুর। আগামী ১০ জুলাই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে।
এস এম/ ১ জুন ২০২৬




