
লন্ডন, ১৫ মার্চ – বলিউডে জনপ্রিয়তা ও সাফল্যের নিরিখে বর্তমানে আলোচনার কেন্দ্রে রয়েছেন তারকা দম্পতি আলিয়া ভাট এবং রণবীর কাপুর। বলিউডে রণবীরের অনেক পরে নিজের ক্যারিয়ার শুরু করলেও আর্থিক সম্পদের দিক থেকে স্বামীকে ছাড়িয়ে গেছেন আলিয়া ভাট। সাম্প্রতিক এক পরিসংখ্যানে এই তথ্য উঠে এসেছে।
২০১২ সালে প্রখ্যাত পরিচালক করণ জোহরের হাত ধরে স্টুডেন্ট অব দ্য ইয়ার সিনেমার মাধ্যমে চলচ্চিত্র জগতে পা রাখেন আলিয়া। প্রথম সিনেমা মুক্তির পর থেকে একের পর এক ব্যবসাসফল ও জনপ্রিয় সিনেমায় অভিনয় করে ইন্ডাস্ট্রিতে নিজের অবস্থান অত্যন্ত দৃঢ় করেছেন তিনি।
হাইওয়ে, রাজি এবং গাঙ্গুবাই কাঠিয়াওয়াড়ি এর মতো দর্শকনন্দিত সিনেমায় অসাধারণ অভিনয় করে তিনি সমালোচক এবং সাধারণ দর্শক উভয়েরই বিপুল প্রশংসা অর্জন করেছেন। অন্যদিকে আলিয়া ভাটের অনেক আগেই চলচ্চিত্র জগতে প্রবেশ করেন রণবীর কাপুর। ২০০৭ সালে পরিচালক সঞ্জয়লীলা বানসালি নির্মিত সাওয়ারিয়া সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক ঘটে।
দীর্ঘদিন ধরে জনপ্রিয় ও শীর্ষ অভিনেতা হিসেবে অবস্থান করলেও বর্তমান সম্পদের পরিমাণে তিনি আলিয়ার চেয়ে কিছুটা পিছিয়ে রয়েছেন। ২০১৮ সালে আলিয়া নিজের উপার্জিত অর্থে প্রথম একটি বিলাসবহুল বাড়ি কেনেন। লন্ডনের অন্যতম অভিজাত এলাকা কোভেন্ট গার্ডেনে প্রায় ২৫ কোটি রুপি ব্যয় করে তিনি এই বাড়িটি কিনেছিলেন।
এরপর মুম্বাইয়ের জুহু এলাকাতেও একটি চমৎকার বাড়ি কেনেন এই অভিনেত্রী। বিয়ের আগে পর্যন্ত তিনি তার বোনের সঙ্গে সেখানেই বসবাস করতেন। পরবর্তীতে মুম্বাইয়ের বান্দ্রা এলাকার পালি হিলে একই ভবনের ভিন্ন তলায় ফ্ল্যাট কেনেন আলিয়া ও রণবীর।
সেখানেই তারা একত্রে বসবাস শুরু করেন এবং ওই বাড়িতেই তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। জানা যায়, তাদের এই ফ্ল্যাটটির বর্তমান বাজারমূল্য প্রায় ৪০ কোটি রুপি। অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক উদ্যোগেও বেশ সক্রিয় আলিয়া ভাট। ২০২০ সালে তিনি নিজস্ব একটি পোশাক ব্র্যান্ড চালু করেন যার বর্তমান বাজারমূল্য প্রায় ১৫০ কোটি রুপি। এর পাশাপাশি তার নিজস্ব একটি প্রযোজনা সংস্থাও রয়েছে।
বর্তমানে তিনি প্রতিটি সিনেমায় অভিনয়ের জন্য প্রায় ১৫ কোটি রুপি পারিশ্রমিক নিয়ে থাকেন। এছাড়া দেশি ও বিদেশি একাধিক নামিদামি ব্র্যান্ডের শুভেচ্ছাদূত হিসেবেও তিনি কাজ করছেন। একটি বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি প্রায় ১০ কোটি রুপি পর্যন্ত পারিশ্রমিক পেয়ে থাকেন। ২০২৫ সালের সর্বশেষ হিসাব অনুযায়ী আলিয়া ভাটের মোট সম্পদের পরিমাণ প্রায় ৫৫০ কোটি রুপি।
অন্যদিকে রণবীর কাপুরের মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৩৪৫ কোটি রুপিতে। রণবীর মূলত সিনেমা নিয়েই সবচেয়ে বেশি ব্যস্ত সময় পার করেন এবং তুলনামূলকভাবে বেশ কম বিজ্ঞাপন চুক্তিতে স্বাক্ষর করেন। ফলস্বরূপ বিভিন্ন ধরনের ব্যবসা ও বিজ্ঞাপনের সঙ্গে যুক্ত থাকার কারণে আর্থিক সাফল্যের দিক থেকে স্বামীর চেয়ে অনেকটাই এগিয়ে গেছেন আলিয়া ভাট।
এ এম/ ১৫ মার্চ ২০২৬




