আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি – দৈনিক আজাদী

আরাকান আর্মির হাতে আটক ২৬ জেলেকে ফিরিয়ে আনল বিজিবি – দৈনিক আজাদী

নাফ নদীতে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে আটক হওয়া ২৬ জেলেকে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শনিবার (১৫ মার্চ) বিকেল ৩ টা ১৫ দিকে বিজিবি আন্তরিকতা ও দীর্ঘদিনের মধ্যস্থতায় মিয়ানমারের আরাকান আর্মির নিকট আটক ২৬ জন জেলে দেশে ফিরে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) অধিনায়ক লেঃ কর্নেল আশিকুর রহমান।

তিনি জানান, বিভিন্ন সময়ে টেকনাফের কে কে খাল এবং শাহপরীরদ্বীপ ট্রলারঘাট থেকে কয়েকটি ভিন্ন ভিন্ন দলে মোট ২৬ জন জেলে নৌকাযোগে মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে যায়। তারা মাছ ধরতে ধরতে একসময় ভুলবশত বাংলাদেশ-মায়ানমার সীমান্তের শুন্য লাইন অতিক্রম করে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করেছিল। এর পরপরই আরাকান আর্মির সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে বিভিন্ন স্থান থেকে তাদেরকে নৌকাসহ আটক করে নিয়ে যায়।

পরবর্তীতে আটক জেলেদের ফিরিয়ে আনতে বিজিবির হস্তক্ষেপ কামনা করা হলে টেকনাফ ব্যাটালিয়ন কর্তৃক আরাকান আর্মির সাথে কার্যকরী যোগাযোগ স্থাপন এবং দীর্ঘ মধ্যস্থতার পর আজকে বিকালে আটক জেলেদের ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

একই সময়ে, দীর্ঘ দিন যাবত  আরাকান আর্মির নিকট বাজেয়াপ্ত একটি মাছ ধরার নৌকাও ফেরত আনা সম্ভব হয়েছে। বর্তমানে দেশে ফিরেয়ে আনা জেলেদেরকে তাদের পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে- জানান লেঃ কর্নেল আশিকুর রহমান।

Explore More Districts