ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকায় গত শুক্রবার সকালে উম্মাল কুরা ইন্টারন্যাশনাল মাদ্রাসার একতলা ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটে। বিস্ফোরণে ভবনটির দুই পাশের দেয়াল উড়ে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিস্ফোরণের ঘটনায় মাদ্রাসার পরিচালক আল-আমিন শেখ (৩২), তাঁর স্ত্রী আছিয়া বেগম (২৮) এবং তাঁদের তিন সন্তানের মধ্যে দুই ছেলে উমায়েত (১০) ও আবদুল্লাহ (৭) আহত হয়। সেখান থেকে ককটেলসদৃশ বস্তু, বিপুল রাসায়নিক দ্রব্য ও বোমা তৈরির বিভিন্ন সরঞ্জাম পাওয়া গেছে।
পুলিশ বলছে, বছর তিনেক আগে বাড়িটি ভাড়া নেন মো. হারুনুর রশীদ। তিনি তাঁর বোন আছিয়া ও ভগ্নিপতি আল-আমিন শেখকে মাদ্রাসা পরিচালনার দায়িত্ব দেন। তিনি মাঝেমধ্যে মাদ্রাসায় আসতেন।
বিস্ফোরণের ঘটনায় গত শনিবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক রফিকুল ইসলাম বাদী হয়ে থানায় মামলা করেন। মামলায় সাতজনকে এজাহারভুক্ত আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ছয় থেকে সাতজনকে আসামি করা হয়েছে।

