আমি সাকিবের একজন বড় ভক্ত : খালেদ মাসুদ পাইলট

আমি সাকিবের একজন বড় ভক্ত : খালেদ মাসুদ পাইলট

সবশেষ ২০২৪ সালে সাকিব আল হাসান জাতীয় দলের জার্সিতে মাঠে নেমেছিলেন। এরপর থেকে আর লাল-সবুজ জার্সি গায়ে মাঠে নামা হয়নি তার। এমনকি মামলা থাকার কারণে দেশের মাটিতেও আসেননি। যদিও একবার দেশে ফেরার চেষ্টা করেছিলেন, তবে দুবাই পর্যন্ত পৌঁছানোর পর আবারও সিদ্ধান্ত পরিবর্তন করেন।

খালেদ মাসুদ পাইলট

এবার নতুন করে সাকিবের দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা চলছে। অনেক ভক্তদেরই বিশ্বাস, সাকিব আবারও দেশে ফিরবেন এবং জাতীয় দলের জার্সিতে মাঠ মাতাবেন।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিসিবির পরিচালক খালেদ মাসুদ পাইলট গণমাধ্যমে বলেন, ‘ব্যক্তিগতভাবে আমি সাকিবের বড় ভক্ত। আমি সবসময় মনে করি, মানুষ মাত্রই ভুল করে। হয়ত খেলা অবস্থায় তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত ছিলেন, অথবা ছয় মাসের জন্য একটি ভুল করেছেন। তবে আমি মনে করি, যেকোনো খেলোয়াড়ের জন্য জাতীয় দলে খেললে তার রাজনৈতিক সম্পর্ক ত্যাগ করা উচিত।’

পাইলট আরও বলেন, ‘জাতীয় দলে যারা খেলেন, তাদের প্রতি দেশের মানুষের আবেগ থাকে। যদি তারা কোনো দলের সঙ্গে যুক্ত হন, তাহলে সেই আবেগ ভাগ হয়ে যায়। তাই, জাতীয় দলে থাকা অবস্থায় কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পর্ক রাখা উচিত নয়।’

সাকিবের বিরুদ্ধে মামলার প্রসঙ্গে পাইলট বলেন, ‘আমার মতে, সাকিব ভুল করেছেন, মানুষ মাত্রই ভুল করে। মামলার বিষয়ে আমি জানি, তাকে একটি মার্ডার মামলায় আসামি করা হয়েছে। দেশে অনেক সময় ভুয়া মামলা হয়। একজন রিকশাওয়ালা লোককে সাকিবের মতো একজন তারকা বিদেশের মাটি থেকে মারবে, সেটা আমার কাছে সন্দেহজনক মনে হয়।’

আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে

তিনি আরও বলেন, ‘সরকারের উচিত বিষয়টি পরিষ্কার করা। এই মামলার সঠিক সমাধান হওয়া প্রয়োজন, এবং যে ব্যক্তি সাকিবের বিরুদ্ধে মামলা করেছে তার তদন্ত করা উচিত। হয়ত এটি রাজনৈতিক মামলা, কিন্তু তার বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে, সেটা ভুল হতে পারে।’

Explore More Districts