জামায়াতের আমির বলেন, ‘উত্তরবঙ্গের এই মাটি উর্বর, মানুষ পরিশ্রমী। ধুরন্ধরেরা তাদের গরিব বানিয়ে রেখেছে। যুগের পর যুগ বৈষম্য করা হয়েছে। ন্যায্য পাওনাটাও দেওয়া হয়নি। সরকার এসেছে, সরকার গিয়েছে। নেতা এসেছেন, নেতা গিয়েছেন। হয়তো তাঁদের ব্যক্তিগত কিছু সুযোগ-সুবিধা হয়েছে, কিন্তু জনগণের যা হওয়ার কথা ছিল, তা হয়নি। কিছুই হয়নি, একেবারেই যদি অস্বীকার করা হয়, তবে সত্যকে অস্বীকার করা হবে। দুর্নীতি ও দুঃশাসনের কারণে যা হওয়ার কথা ছিল, তার কিছুই হয়নি। যদি দুর্নীতি আর দুঃশাসন না থাকত, তবে উত্তরবঙ্গ রাজধানীতে পরিণত হতো।’
শফিকুর রহমান আরও বলেন, ‘ঠাকুরগাঁওয়ে কথা দিয়ে যাচ্ছি, আল্লাহ যদি আমাদের নির্বাচিত করেন, আপনাদের সমর্থনে সরকার গঠনের সুযোগ দেন, তবে বাংলাদেশের সব কটি জেলায় একটি করে মানসম্মত সরকারি মেডিকেল কলেজ গড়ে তোলা হবে। যারা সব সুবিধা থেকে বঞ্চিত হয়েছে, তাদের দুয়ারে সবার আগে চলে যাবে ভবিষ্যৎ উন্নয়ন।’ তিনি বলেন, ‘বৈষম্য করব না, আমরা আল্লাহকে ভয় করব। আল্লাহকে ভয় করার কারণে বঞ্চিত মানুষের অধিকার প্রথমে তাঁদের হাতে তুলে দেওয়া হবে।’


